তুরস্ক সফরে তথ্য প্রতিমন্ত্রী
শনিবার ওআইসির সদস্য দেশগুলোর তথ্যমন্ত্রীদের সম্মেলনে বিশেষ অধিবেশনে যোগ দেবেন তিনি।
ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্য দেশগুলোর তথ্যমন্ত্রীদের সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।
শুক্রবার সকালে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি তুরস্কের ইস্তাম্বুলের উদ্দেশ্যে রওনা হন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ইফতেখার হোসেন বলেন, শনিবার ওআইসির সদস্য দেশগুলোর তথ্যমন্ত্রীদের সম্মেলনে বিশেষ অধিবেশনে যোগ দেবেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী।
বিশেষ এ অধিবেশনের প্রতিপাদ্য হল, ‘ফিলিস্তিনে ইসরায়েলি দখলদারিত্বের সময় সাংবাদিকদের বিরুদ্ধে ইসরায়েল সরকারের অপতথ্য এবং শত্রুতা’।
এ দিন কাতার ও তুরস্কের তথ্যমন্ত্রীদের সঙ্গেও সাক্ষাৎ করবেন মোহাম্মদ আলী আরাফাত। এছাড়া আগামী ২৫ ফেব্রুয়ারি ‘টার্কিশ রেডিও অ্যান্ড টেলিভিশন’ অফিস পরিদর্শনের কথা রয়েছে তার।
তুরস্ক সফর শেষে আগামী ২৮ ফেব্রুয়ারি ঢাকা ফিরবেন প্রতিমন্ত্রী।
