Published : 25 Aug 2026, 08:45 PM
কক্সবাজারের বঙ্গোপসাগরে নৌকা ডুবে নিউ জিল্যান্ডের একটি পরিবারের ১৬ বছর বয়সী এক কিশোর নিখোঁজ হয়েছে।
ওই পরিবারের অন্য তিন সদস্যকে আশপাশের নৌযানের লোকজন উদ্ধার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকালে কক্সবাজারের নাজিরাটেক-সোনাদিয়া দ্বীপ মোহনা থেকে কামাল উদ্দিন নামে এক ব্যক্তি জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে ফোন করে বলেন, বিদেশি নাগরিকদের বহনকারী দুটি জোড়া লাগানো নৌযান ঢেউয়ের তোড়ে সাগরে উল্টে ডুবে যাচ্ছে। নৌযান দুটিতে নারী ও শিশুও রয়েছে।
পরে কক্সবাজার কোস্ট গার্ডের কন্ট্রোল রুম ও নৌ পুলিশকে বিষয়টি জানানো হয়। কোস্ট গার্ডের একটি দল তাদের উদ্ধার করতে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়।
তবে তারা পৌঁছানোর আগেই আশপাশের অন্যান্য নৌযানের লোকজন তিনজনকে উদ্ধার করেন। কিন্তু অ্যালবার্ট নামের ওই কিশোরকে আর পাওয়া যায়নি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অ্যালবার্ট তার বাবা জন এডওয়ার্ড (৭৪), মা বেলা (৩৬) এবং বোন রালফের (১৩) সঙ্গে নিজেদের তৈরি জোড়া নৌযানে বঙ্গোপসাগরে ঘুরছিলেন। এক পর্যায়ে মোহনায় তীব্র ঢেউয়ের তোড়ে নৌযানটি উল্টে ডুবে যায়।
পরে কোস্ট গার্ডের দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার হওয়া তিনজনকে নিজেদের হেফাজতে নেয়। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের কক্সবাজার সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
নিখোঁজ অ্যালবার্টকে উদ্ধারে কোস্ট গার্ডের একটি দল অনুসন্ধান চালাচ্ছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।