Published : 03 Sep 2026, 05:50 PM
রাজধানীর জিরো পয়েন্ট এলাকা থেকে সদরঘাট পর্যন্ত সড়কের দুই পাশ হকারমুক্ত রাখার ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন-ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম।
বৃহস্পতিবার সচিবালয় এলাকায় সড়ক বিভাজকে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে হকার ব্যবস্থাপনা নিয়ে তিনি বলেন, “মানবিক দিক বিবেচনায় রেখেই পরিকল্পনা সাজানো হচ্ছে। তবে সব ফুটপাত বা প্রধান সড়কে হকার বসার কোনো সুযোগ থাকবে না।
“জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত সড়ক ও ফুটপাত সম্পূর্ণ হকারমুক্ত রাখা হবে।”
ডিএসসিসি প্রশাসক উচ্ছেদের আগেই সংশ্লিষ্টদের নিজ দায়িত্বে সরে যাওয়ার আহ্বান জানান বলে নগর সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
তিনি বলেন, নিবন্ধিত হকারদের জন্য গুলিস্তানে ‘হলিডে মার্কেট’ ও বিকাল ৪টার পর ‘নাইট মার্কেটের’ মতো বিকল্প স্থানে বসার ব্যবস্থা করা হচ্ছে।
পল্টন থেকে দৈনিক বাংলা মোড় পর্যন্ত মেট্রোরেলের নিচের সড়ক বিভাজকে বৃক্ষরোপণ করছে ডিএসসিসি।
ডিএসসিসির বিজ্ঞপ্তিতে বলা হয়, সাজেদা ফাউন্ডেশনের সহযোগিতায় এ সবুজায়ন কর্মসূচি নেওয়া হয়েছে।
আবদুস সালাম বলেন, পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর জাতীয় পরিকল্পনার অংশ হিসেবে ডিএসসিসির তিন লাখ গাছ লাগানোর প্রাথমিক লক্ষ্যমাত্রা রয়েছে। ইতোমধ্যে প্রায় ৬৭ হাজার গাছ লাগানো শেষ হয়েছে।
ঢাকা শহরকে পরিচ্ছন্ন রাখতে সামাজিক প্রতিষ্ঠান ও সাধারণ নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলো যদি রাস্তায় বা সড়ক বিভাজকে ময়লা ফেলা বন্ধ করে, তবে তা সিটি করপোরেশনের কাজে বড় সহায়তা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদার উপস্থিত ছিলেন।