১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মধ্যপ্রাচ্যের কয়েক রুটে স্বল্প পরিসরে উড়ছে ফ্লাইট, পাঁচ দিনে বাতিল ১৭৬

দেশীয় ইউএস-বাংলাসহ মধ্যপ্রাচ্যের একাধিক এয়ারলাইন্স দুবাই, শারজাহ, মাস্কাট, রিয়াদ রুটে ফ্লাইট পরিচালনা করছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2026, 12:31 AM

Updated : 26 Aug 2026, 03:05 PM

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে ফ্লাইট বন্ধ হওয়ার পর ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উৎকণ্ঠিত যাত্রী, বিশেষ করে প্রবাসী কর্মীদের যে ভিড় তৈরি হয়েছিল, তা এখন আর নেই। 

বেশিরভাগ এয়ারলাইন্স এখনো মধ্যপ্রাচ্যের ফ্লাইট বন্ধ রেখেছে। এর মধ্যে দেশীয় ইউএস-বাংলা এয়ারলাইন্সসহ মধ্যপ্রাচ্যের একাধিক উড়োজাহাজ সেবা সংস্থা দুবাই, শারজাহ, মাস্কাট, রিয়াদ রুটে ফ্লাইট পরিচালনা করছে।

মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর বুধবার পর্যন্ত পাঁচ দিনে ১৭৬টি ফ্লাইট বাতিলের তথ্য দিয়েছে শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ।

বুধবার সন্ধ্যায় বিমানবন্দরের বহির্গমন টার্মিনালে ভিড় ছিল না তেমন। মধ্যপ্রাচ্যের রুটগুলো বন্ধ হয়ে যাওয়ার পর ইউরোপ ও আমেরিকার যাত্রীরা সিঙ্গাপুর এয়ারলাইন্স, থাই এয়ারওয়েজ, বাটিক, এয়ার এশিয়া, ইথিওপিয়ান–এসব এয়ারলাইন্সের টিকিট খুঁজছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টরন্টো ফ্লাইটের টিকিটের চাহিদাও বেড়েছে।

জিসান নামের এক তরুণ সন্ধ্যায় ব্যাগ বোঁচকাসহ বাবা ও ছোটভাইকে নিয়ে টার্মিনালে আসেন। তিনি সৌদি আরবে যাচ্ছেন, ভোর ৪টায় ফ্লাইট জানিয়ে এজেন্সির লোকেরা তাকে আসতে বলেছে। 

বিমানবন্দরের ফ্লাইট ডিসপ্লে মনিটরে দেখা যায়, ইউএস-বাংলা এয়ারলাইন্সের তিনটি ফ্লাইট কাছাকাছি সময়ে আবুধাবি, দুবাই ও মাস্কাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে বলে যাত্রী তোলার ‘গেট ওপেন’ করেছে। 

একই ডিসপ্লে বোর্ডে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুবাই ফ্লাইট, ইউএস বাংলার দোহা ও শারজাহ ফ্লাইট, এয়ার অ্যারাবিয়ার শারজাহ ফ্লাইট ও ফ্লাই দুবাইয়ের দুবাইগামী ফ্লাইট বাতিলের তথ্য দেখা যাচ্ছে। 

আর সৌদিয়ার রিয়াদ ফ্লাইট ছেড়ে যাওয়ার সম্ভাব্য সময় দেখানো হচ্ছে রাত সাড়ে ১০টায়। 

ইউএস-বাংলা এয়ারলাইন্স জানিয়েছে, আরব আমিরাতে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে ঢাকা–দুবাই–ঢাকা রুটে দুটি বিশেষ ফ্লাইট পরিচালনা করছে তারা। 

৪৩৬ আসনের এয়ারবাস এ৩৩০-৩০০ উড়োজাহাজ দিয়ে এই ফ্লাইট চালানো হবে। পরিস্থিতি বিবেচনা করে দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষ ইউএস-বাংলা এয়ারলাইন্স, এমিরেটস, এয়ার ইন্ডিয়াসহ কয়েকটি এয়ারলাইন্সকে বিশেষ ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে।

বুধবার সন্ধ্যায় প্রথম ফ্লাইটটি ঢাকা ছেড়েছে। একই উড়োজাহাজ দুবাই থেকে বুধবার স্থানীয় সময় রাত ১২টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ফিরতি যাত্রা করবে। 

আরেকটি বিশেষ ফ্লাইট বৃহস্পতিবার বিকেল সোয়া ৫টায় শাহজালাল বিমানবন্দর ছেড়ে যাবে। ওই ফ্লাইট দুবাই থেকে স্থানীয় সময় রাত ১০টায় ঢাকার উদ্দেশ্যে উড়াল দেবে।