ড. ইউনূস নিয়ে ৫০ সম্পাদকের বিবৃতি ‘ভুয়া’ জেনেছেন ফখরুল
“এখন তারা কথা বলতে পারছেন না এজন্য যে, কথা বললে আবার তারা নির্যাতনে পড়বেন।”
শ্রম আদালতে মুহম্মদ ইউনূসের মামলার বিষয়ে বিদেশি বিশিষ্টজনের দেওয়া বক্তব্যের বিরোধিতায় দেশের ৫০টি সংবাদমাধ্যমের সম্পাদকের বিবৃতি ‘ভুয়া’ বলে এক সাংবাদিক তাকে জানিয়েছেন বলে দাবি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। তবে ওই সাংবাদিকের নাম তিনি প্রকাশ করেননি।
রোববার বিকালে ঢাকার গুলশানে হোটেল লেক শোরে রোহিঙ্গা সংকট নিয়ে এক সেমিনারে অন্যান্য নানা বিষয়ের পাশাপাশি এ নিয়ে কথা বলেন তিনি।
মির্জা ফখরুলের দাবি, “কিছুক্ষণ আগে আমাকে এক সাংবাদিক খবর দিয়ে গেলেন যে, ড. মুহাম্মদ ইউনুসের জন্য যে বিবৃতি দিয়েছেন প্রায় ১৭০ জন আন্তর্জাতিক বিশ্বনেতা। তাদের এই বিবৃতির বিপক্ষে দেশের ৫০ জন সম্পাদক বিবৃতি দিয়েছেন। ওই সাংবাদিক বলেছেন এটা ফেইক, এটাতে অধিকাংশই সই করেনি।”
বিএনপি মহাসচিবের অভিযোগ, “এখন তারা কথা বলতে পারছেন না এজন্য যে, কথা বললে আবার তারা নির্যাতনে পড়বেন। এই যে, ভয়… সরকার সমস্ত জাতিটাকে একটা ভয়ের স্তরের মধ্যে রেখেছে।”
সেমিনারে যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, জার্মানি, সুইডেন, ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘের সংস্থা ইউএনডিপি, যুক্তরাষ্ট্রের উন্নয়ন সহযোগী সংস্থা ইউএসএইড, অস্ট্রেলিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া ও ইরান দূতাবাস প্রতিনিধি পাঠায়। তবে তারা বক্তব্য রাখেননি।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ৩ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: https://www.facebook.com/bdnews24/posts/pfbid0LagxQSQdiTpsYzGgYtuvrU564FZZNLMUSZvdGeQsPd4cKJhX9WhRhSkZR8ZrVF92l ]
