১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘অবৈধ সম্পদ’: নিজাম হাজারীর স্ত্রীর বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত দুদকের

তার ৪৫ কোটি ৩৪ লাখ ১৩ হাজার ৮৫১ টাকার জ্ঞাত ‘আয়বহির্ভূত সম্পদের প্রমাণ’ পাওয়া গেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2025, 05:37 PM

Updated : 26 Aug 2026, 02:36 PM

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর স্ত্রী নুরজাহান বেগমের বিরুদ্ধে জ্ঞাত ‘আয়বহির্ভূত’ সম্পদ অর্জন এবং ‘সন্দেহজনক’ লেনদেনের অভিযোগে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক।

মঙ্গলবার দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন মামলার অনুমোদনের তথ্য দিয়েছেন।

দুদকের অভিযোগে বলা হয়েছে, নুরজাহান বেগম দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে ৫৩ কোটি ৬৩ লাখ টাকার সম্পদের ঘোষণা দিয়েছেন। পারিবারিক ব্যয়সহ হিসাব বিবেচনায় তার ৪৫ কোটি ৩৪ লাখ ১৩ হাজার ৮৫১ টাকার জ্ঞাত ‘আয়বহির্ভূত সম্পদের প্রমাণ’ পাওয়া গেছে।

এছাড়া ২০১৯ সালের মে থেকে ২০২৪ সালের অগাস্ট পর্যন্ত ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের একটি হিসাবে তার নামে ৪৩ কোটি ৩১ লাখ ৪৭ হাজার ৮০৩ টাকার ‘সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে’।

গতবছরের ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর নিজাম হাজারী ও তার স্ত্রী নুরজাহান বেগমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে নামে দুদক।

এ বছর ১৭ ফেব্রুয়ারি নূরজাহান বেগমের আটটি ফ্ল্যাট, ৫২ বিঘা জমি ও চারতলা ভবন জব্দের আদেশ দিয়েছে আদালত। দুজনের দেশত্যাগেও নিষেধাজ্ঞা দেওয়া হয়।

অনিয়ম ও দুর্নীতির নানা অভিযোগে ফেনী-২ আসনের সাবেক এমপি নিজাম উদ্দিনের বিরুদ্ধেও এর আগে একাধিক মামলা করেছে দুদক। 

তিনি টানা তিনবার নৌকা প্রতীকে নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হন। তার বিরুদ্ধে ‘অবৈধ’ সম্পদ অর্জন, ঢাকা ও ফেনীসহ বিভিন্ন স্থানে নামে–বেনামে জমি ও বাণিজ্যিক ভবন কেনা এবং বিদেশে ‘অর্থ পাচারের’ অভিযোগ রয়েছে।

পুরনো খবর:

নিজাম হাজারীর স্ত্রীর ফ্ল্যাট ভবন জমি জব্দের আদেশ 

সাবেক এমপি নিজাম হাজারীর ব্যাংকে লেনদেন ৫৪৮ কোটি টাকাদুদক