১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নিজাম হাজারীর স্ত্রীর ফ্ল্যাট ভবন জমি জব্দের আদেশ

দুদক বলছে, ঢাকা ও চট্টগ্রামে থাকা আটটি ফ্ল্যাটের দাম ছয় কোটি ৩৭ লাখ টাকা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2025, 05:48 PM

Updated : 26 Aug 2026, 11:50 AM

ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর স্ত্রী নূরজাহান বেগমের আটটি ফ্ল্যাট, ৫২ বিঘা জমি ও চারতলা ভবন জব্দের আদেশ দিয়েছে আদালত। 

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন। 

আবেদনপত্রের বরাতে দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম জানান, ঢাকা ও চট্টগ্রামে থাকা আটটি ফ্ল্যাটের দাম ছয় কোটি ৩৭ লাখ টাকা। 

এছাড়া খাগড়াছড়িতে তার ১৫ একর, কেরানীগঞ্জে ৬০ শতাংশ, মোহাম্মদপুরে সাড়ে ৪৯ শতাংশ, গাজীপুরে ১২৭ শতাংশ জমি ও মোহাম্মদপুরে চার তলা ভবন রয়েছে। আদালত এগুলো জব্দের আদেশ দিয়েছে।

মেঘনা ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, এনসিসি ব্যাংক, এফএসআইবিএল ব্যাংক ও নগদ মিলিয়ে ১৯ কোটি ২৯ লাখ টাকা অবরুদ্ধের আদেশও এসেছে আদালত থেকে।

এর বাইরে স্নিগ্ধা ওয়াটার ট্রান্সপোর্টের ১৫ হাজার শেয়ার, স্নিগ্ধা ওভারসিজে ৮০০ শেয়ার, স্নিগ্ধা ইকুইটিজের ২৫ হাজার শেয়ার ও স্নিগ্ধা ডিজাইনের পাঁচ হাজার শেয়ার অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে। 

এর আগে গত ১৭ অক্টোবর নিজাম উদ্দিন হাজারী ও তার স্ত্রী নূরজাহান বেগমের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেয় আদালত।