১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এনবিআরের সংকট নিরসনে ৫ উপদেষ্টাকে নিয়ে কমিটি

এর আগে এনবিআরের সেবাকে ‘অত্যাবশ্যকীয়’ ঘোষণা করে কর্মচারীদের কাজে ফেরার হুঁশিয়ারি দিয়েছে সরকার।

এনবিআরের সংকট নিরসনে ৫ উপদেষ্টাকে নিয়ে কমিটি
এনবিআর চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করে আসছেন সংস্থাটির কর্মকর্তা ও কর্মচারীরা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2025, 09:20 PM

Updated : 26 Aug 2026, 01:17 PM

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তাদের চলমান আন্দোলনের প্রেক্ষাপটে তৈরি সংকট নিরসনে পাঁচজন উপদেষ্টার সমন্বয়ে একটি উপদেষ্টা কমিটি করেছে সরকার।

রোববার উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

কমিটির সদস্যরা হলেন- বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন, পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন।

মে মাসে এনবিআর দুই ভাগ করে রাজস্ব ব্যবস্থাপনা ও রাজস্ব নীতি নামে দুটি স্বতন্ত্র বিভাগ করে অধ্যাদেশ জারির পর তা বাতিলের দাবিতে কলম বিরতিসহ নানা কর্মসূচি দিয়ে আন্দোলনে নামেন এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা।

তাদের আন্দোলনের মধ্যে সরকার পিছু হটে। বলা হয়, অধ্যাদেশ বাস্তবায়নে এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আলোচনা করা হবে।

এরপর আন্দোলনকারীরা এনবিআর চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে অটল থাকেন এবং সংস্থার কার্যালয়ে তাকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেন।

দাবি আদায়ে শনিবার থেকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শুরু করেছেন এনবিআর কর্মীরা। তাদের আন্দোলনে স্থবির হয়ে পড়ে আমদানি-রপ্তানিসহ এনবিআরের কার্যক্রম।

এমন প্রেক্ষাপটে চলমান সংকট নিরসনে এনবিআর কর্মীদের অবিলম্বে কর্মস্থলে ফেরার এবং আইনবিরোধী ও জাতীয় স্বার্থের পরিপন্থি কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বিবৃতিও দেয় সরকার। এ আহ্বানে সাড়া না দিলে ‘কঠোর পদক্ষেপ’ নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয় তাতে।

এরপর সংকট নিরসনে ফাওজুল কবিরের সভাপতিত্বে এ কমিটি করার কথা জানাল সরকার।

দেশের প্রধান রাজস্ব আদায়কারী সংস্থাটির সব স্তরের কর্মচারীরা এনবিআর চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি চালিয়ে আসছেন। 

এ কর্মসূচির মধ্যে রোববার এনবিআরের সেবাকে ‘অত্যাবশ্যকীয়’ ঘোষণা করে সরকার।

এনবিআরের ৬ কর্মকর্তার তথ্যানুসন্ধানে দুদক

এনবিআরের সেবাকে 'অত্যাবশ্যকীয়' ঘোষণার সিদ্ধান্ত