১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

হাসিনার এপিএস লিকুর স্ত্রীর জমি-গাড়ি জব্দের আদেশ

দুদক বলছে, লিকু ও তার স্বজনসহ সংশ্লিষ্টরা প্রায় ১৪৪ কোটি ৫৯ লাখ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2025, 09:25 PM

Updated : 26 Aug 2026, 01:23 PM

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব (এপিএস) গাজী হাফিজুর রহমান লিকুর স্ত্রী রহিমা আক্তারের নামে গোপালগঞ্জে থাকা ৫৭ বিঘা জমি ও একটি গাড়ি জব্দের আদেশ দিয়েছে আদালত। 

তার নামে থাকা চারটি কোম্পানির শেয়ার অবরুদ্ধ করার আদেশও এসেছে।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. ইব্রাহিম মিয়া এ আদেশ দেন।

আবেদনটি করেন দুদকের সহকারী পরিচালক মো. রুহুল হক। 

দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. তানজির আহমেদ এসব তথ্য জানিয়েছেন।

গত ১৩ জানুয়ারি লিকুর বিরুদ্ধে চারটি মামলা করে দুদক। দুটি মামলা করেন দুদকের উপপরিচালক মো. আহসানুর কবীর পলাশ। 

বাকি দুই মামলায় বাদী হন সহকারী পরিচালক মো. রাকিবলু হায়াত ও উপসহকারী পরিচালক মো. মনজুরুল ইসলাম মিন্টু। 

এসব মামলায় বলা হয়, লিকু ও তার স্বজনসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ১৪৪ কোটি ৫৯ লাখ ১৩ হাজার ১০ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ রয়েছে। 

৩৮ কোটি ৫৭ লাখ ১২ হাজার ৯৬ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।