১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

আওয়ামী লীগের চেয়ে বিএনপি আমলে বেশি মার খেয়েছি: আদালতে এনসিপি নেতা আনোয়ার

“বিএনপি আমার মা, বউ-ভাই সবাইরে মারছে, ভাইয়ের ঘড় ভাংচুর করছে।"

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2026, 04:48 PM

Updated : 11 Sep 2026, 03:31 PM

আওয়ামী লীগের আমলেও মারধর খেলেও বিএনপির আমলে সেই মাত্রা আরও বেশি বলে দাবি করেচেন জাতীয় নাগরিক পাটি-এনসিপির কোতয়ালী থানার প্রধান সমন্বয়ক আনোয়ার হোসেন।

গেল বছরে তেজগাঁওয়ে দৈনিক ডেইলি স্টারের অফিসে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের মামলায় রিমান্ড শুনানি শেষে রোববার আদালত থেকে কারাগারে নেওয়ার পথে এ কথা বলেন আনোয়ার।

মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ইউনিটের এসআই জহিরুর ইসলাম জিজ্ঞাসাবাদের জন্য আনোয়ারের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

আনোয়ারের পক্ষে অ্যাডভোকেট মনির হোসেন সুমন রিমান্ড বাতিল করে জামিন প্রার্থনা করেন। 

তিনি বলেন,"আমি ঘটনাস্থলে ছিলাম। কিন্তু ডেইলি স্টার অফিসে হামলা, ভাংচুর করেছি দেখান। ভয়ংকর মিথ্যা মামলায়। জড়িয়ে দিবেন, এটা ন্যায়বিচার। আসামি ঘটনার সাথে জড়িত না। তার রিমান্ড বাতিল করে জামিন প্রার্থনা করছি।"

শুনানি নিয়ে আদালত আনোয়ারকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছে বলে প্রসিকিউশন পুলিশের এসআই আরিফ রেজা জানিয়েছেন।

এরপর কাঠগড়ায় দাঁড়ানো আরিফের সঙ্গে কথা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডকটমকে তিনি বলেন,"আমি জাতীয় নাগরিক পার্টির কোতয়ালী থানার প্রধান সমন্বয়ক। এনসিপির এমন কোনো প্রোগ্রাম নাই যেখানে ছিলাম না। নাসিরুদ্দীন পাটওয়ারীর ১০০ টা প্রোগ্রামের মধ্যে ৯০ টাতেই উপস্থিত ছিলাম।”

পরে আদালত থেকে কারাগারে নেওয়ার পথে সাংবাদিকদের আনোয়ার বলেন, "আমার অপরাধ, আমি জুলাই যোদ্ধা। আমার বাড়ি ঘর ভাংচুর করছে বিএনপি সভাপতি (এলাকার) নাজমুল ইসলাম মিঠু। আমারে যখন মারে দৌড়ে ঘরে গিয়ে পলায় (লুকায়)। হাজার খানেক লোক নিয়ে আমার বাড়ি-ঘর ঘেরাও করে। মিঠু বলে ওকে মারতেই হবে। ওকে মারার অর্ডার আছে। মিঠু এ্যানি চৌধুরীর খাস লোক।  মিঠু আমারে মারধর করলে যখন ঘরে দৌড়ে পালাই. তখন মিঠু এক হাজার লোক নিয়ে বাড়ি ঘেরাও করে।"

তিনি বলেন, "তারা মনে করে কোনো জুলাই যোদ্ধা দেশে থাকবে না। আমাকে দিয়ে তারা শুরু করছে। আমি এ্যানি চৌধুরীর যত অনিয়ম, দুর্নীতি সব জাতির কাছে তুলে ধরছি। আমি আওয়ামী লীগের আমলেও অন্যায়-দুর্নীতি তুলে ধরছি। আওয়ামী লীগের আমলে হামলা শিকার হয়েছি, মাইরের শিকার হয়েছি।  বিএনপি আমলে আরও বেশি হয়েছি।  বিএনপি আমারে অতিরিক্ত মারছে। বিএনপি আমার মা, বউ-ভাই সবাইরে মারছে। ভাইয়ের ঘড় ভাংচুর করছে।"

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে গ্রেপ্তার হয়েছেন বলা হলে আনোয়ার বলেন, "এটা আমার বাক স্বাধীনতা বলতেই পারি।" 

আপনি প্রথম আলো- ডেইলি স্টার পত্রিকার অফিসে হামলা করেছেন কি না জানতে চাইলে আনোয়ার বলেন, "এগুলো মিছা কথা।"

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সোনাপুর গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেনকে সংশ্লিষ্ট জেলার মামলায় গ্রেপ্তার করা হয়।  দৈনিক প্রথম আলোর কার্যালয়ে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের মামলায় গত ২২ জুন তাকে তিন দিনের রিমান্ড দেয় আদালত। এদিন ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাংচুরের মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে দুই দিনের রিমান্ডে নিল পুলিশ।

মামলার বিবরণে বলা হয়েছে, গেল বছরের ১৯ ডিসেম্বর রাত আনুমানিক ১২টা ৩৫ মিনিটে লাঠিসোঁটা ও দাহ্য পদার্থ নিয়ে একদল হামলাকারী উসকানিমূলক স্লোগান দিয়ে ডেইলি স্টার ভবনে প্রবেশ করে। এসময় তারা প্রতিষ্ঠানের কর্মীদের ওপর শারীরিকভাবে আক্রমণ করে। এসময় তারা নগদ অর্থ ও বিভিন্ন সরঞ্জাম লুট করাসহ ভবনের একাধিক তলায় আগুন ধরিয়ে দেয়। 

পাশাপাশি অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও সিসিটিভিসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো নষ্ট করে ফেলে। এতে পাঁচ কোটি টাকা মূল্যের ২০০টির বেশি ইলেকট্রনিক ডিভাইস এবং ৩৫ লাখ টাকা নগদ অর্থ লুট করা হয়। এতে সব মিলিয়ে প্রায় ৪০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়। এ ঘটনায় ২২ ডিসেম্বর দ্য ডেইলি স্টারের হেড অব অপারেশনস মিজানুর রহমান তেজগাঁও থানায় মামলা দায়ের করেন।

একই দিনে দৈনিক প্রথম আলো পত্রিকা অফিসেও হামলা ভাংচুর চালিয়ে ৩২ কোটি টাকার ক্ষয়ক্ষতি করা হয়।