২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬ আশ্বিন ১৪৩৩

দোকানে ঢুকে গুলি: অস্ত্র সরবরাহের অভিযোগ ওঠা ২ নারী কারাগারে

পুলিশের ভাষ্য, কামাল নামে একজনের কাছ থেকে অস্ত্র সংগ্রহ করেন আকলিমা ও সোনিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 09 Sep 2026, 08:12 PM

Updated : 19 Sep 2026, 02:31 PM

ঢাকার কদমতলীর শনিরআখড়া এলাকায় দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি করার মামলায় দুই নারীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

আকলিমা আক্তার রুনিয়া ও সোনিয়া ইয়াসমিন নামে ওই দুই নারীর বিরুদ্ধে অস্ত্র ও গুলি সরবরাহের অভিযোগ রয়েছে। 

তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামান তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

প্রসিকিউশন পুলিশের এসআই আব্দুস ছবুর এ তথ্য দিয়েছেন। 

মঙ্গলবার বিকালে কাচকুড়ার বগবাড়ির মোড় এলাকা থেকে রুনিয়াকে এবং উত্তরখান এলাকা থেকে সোনিয়াকে গ্রেপ্তার করা হয়। 

বুধবার মামলার তদন্ত কর্মকর্তা কদমতলী থানার এসআই মিঠু মণ্ডল আসামিদের আদালতে হাজির করে তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন। 

শনিবার রাত সোয়া ৮টার দিকে কদমতলী থানার দক্ষিণ দনিয়া-শনিরআখড়া এলাকায় একটি ক্রোকারিজের দোকানে ঢুকে ব্যবসায়ী আসলাম খানকে গুলি করা হয়। ঘটনার সময় স্থানীয়দের সহায়তায় মঞ্জুরুল ইসলামকে আটক করা হয়। তার কাছ থেকে দুটি পিস্তল, নয় রাউন্ড গুলি ও একটি গুলির খোসা উদ্ধার করে পুলিশ।

দুই নারীকে আটক রাখার আবেদনে বলা হয়, হামলায় ব্যবহার করা অস্ত্র কামাল নামে একজনের কাছ থেকে সংগ্রহ করেন আকলিমা ও সোনিয়া। কামলালের কাছ থেকে নিয়ে তারা এসব অস্ত্র ও গুলি শনিরআখড়া ফ্লাইওভারের নিচে গিয়ে মঞ্জুরুল ও জসিমকে দেন। 

এ ঘটনায় দুটি মামলা হয়। আসলাম খানকে হত্যাচেষ্টার অভিযোগে কদমতলী থানায় মামলা করেন তার শ্বশুড় বাদল মিয়া। এ মামলায় পরের দিন মঞ্জুরুল ইসলাম ও ইকবাল কালুকে কারাগারে পাঠানো হয়।

আরেকটি মামলা হয় অস্ত্র আইনে। কদমতলী থানার এসআই অশোক কুমার সরকার এ মামলা করেন। অস্ত্র আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে মঞ্জুরুলকে রোববার কারাগারে পাঠানো হয়। মঙ্গলবার তাকে দুই দিনের রিমান্ডে দেয় আদালত।