উদ্দীপনের সাবেক চেয়ারম্যান মিহিরসহ ১০ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
তাদের বিরুদ্ধে সাড়ে ১৩ কোটি টাকা অনিয়মের অভিযোগ রয়েছে।
বেসরকারি সংস্থা উদ্দীপনের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মিহির কান্তি মজুমদারসহ ১০ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। পাশাপাশি তাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) স্থগিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার এ আদেশ দেন ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব।
নিষেধাজ্ঞার আওতায় পড়া অন্যরা হলেন- উদ্দীপনের সাবেক নির্বাহী পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা বিদ্যুৎ কুমার বসু, সাবেক ভাইস চেয়ারম্যান জাকিয়া কে হাসান, সাবেক কোষাধ্যক্ষ গোলাম আহাদ, সাবেক সদস্য মাহবুবুর রহমান, নজরুল ইসলাম খান, নাহিদ সুলতান, ভবতোষ নাথ, আবু জামিল ফয়সাল ও শওকত হোসেন।
দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ জানান, তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুদকের উপসহকারী পরিচালক রোকনুজ্জামান।
এতে বলা হয়, অভিযোগ ওঠা ব্যক্তিরা মাইক্রোক্রেডিট আইন লঙ্ঘন করে ক্ষুদ্রঋণ তহবিল থেকে অনুমোদনহীন গোল্ডব্রিকস প্রকল্পে ৮ কোটি ৯৭ লাখ ৮১ হাজার ৩৭৭ টাকা স্থানান্তর করেছেন। আর এঅ্যান্ডপি ব্যাটারি প্রকল্পে সরানো হয়েছে ৪ কোটি ৪৮ লাখ ৪৬৬ টাকা। এ বিষয়ে তদন্ত চলার মধ্যেই দুদক জেনেছে, আসামিরা দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের বিদেশ গমন ঠেকানো এবং এনআইডি স্থগিত করা প্রয়োজন।
