ভিকারুননিসার অ্যাডহক কমিটি নিয়ে রুল, ৯০ দিনে নির্বাচনের নির্দেশ
“দুইবারের বেশি কোনো অ্যাডহক কমিটি করা যায় না এবং দুবারের বেশি কোনো সভাপতি বা সদস্য হতে পারেন না,” বলছেন রিটকারী ইউনুচ আলী।
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটিকে কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাই কোর্ট।
একইসঙ্গে আগামী ৯০ দিনের মধ্যে প্রতিষ্ঠানটির গভর্নিং বডির নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বুধবার এ আদেশ দেয় বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের বেঞ্চ।
শিক্ষা সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও কলেজ পরিদর্শক এবং ভিকারুননিসার অ্যাডহক কমিটির সভাপতি ও অধ্যক্ষকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ জনস্বার্থে রিট আবেদনটি করেন।
এতে বলা হয়, ২০২৪ সালের ৯ ডিসেম্বর, ২০২৫ সালের ১৩ মার্চ, ২০২৬ সালের ১৫ জানুয়ারি এবং সবশেষ গত ২৬ জুলাই চিঠির মাধ্যমে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহকে চতুর্থবারের মতো প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। একই ব্যক্তিদের নিয়ে বারবার অ্যাডহক কমিটি গঠন করা সর্বোচ্চ আদালতের রায় ও সংশ্লিষ্ট আইনের লঙ্ঘন।
মামলায় বলা হয়, ২০২৪ সালের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালার বৈধতা চ্যালেঞ্জ করে করা আরেকটি রিট মামলা হাই কোর্টে বিচারাধীন রয়েছে। ওই মামলা বিচারাধীন থাকা অবস্থায় প্রাসঙ্গিক আইনের কোনো উল্লেখ ছাড়াই নতুন করে অ্যাডহক কমিটির অনুমোদন দেওয়া সম্পূর্ণ বেআইনি।
আদেশের পর আইনজীবী ইউনুস আলী আকন্দ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুইবারের বেশি কোনো অ্যাডহক কমিটি করা যায় না এবং দুবারের বেশি কোনো সভাপতি বা সদস্য হতে পারেন না। ২০২৪ সালের গভর্নিং বডি সংক্রান্ত বিধানে আছে—কোনো কমিটি নির্বাচন করতে ব্যর্থ হলে ওই কমিটির সভাপতি ও সদস্যরা পরবর্তী কমিটিতে থাকতে পারবেন না।
“কিন্তু আগের কমিটি নির্বাচন করতে ব্যর্থ হওয়ার পরও একই সভাপতি ও সদস্যদের নিয়ে গত ২৬ জুলাই ছয় মাস মেয়াদের সর্বশেষ অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে।”
