Published : 24 Aug 2026, 09:10 PM
চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) ১ শতাংশেরও কম বাস্তবায়ন হয়েছে; স্বাস্থ্য খাতসহ ১০টি মন্ত্রণালয় ও বিভাগ বরাদ্দের এক টাকাও খরচ করতে পারেনি।
আগের অর্থবছরের বাস্তবায়নের হারও ছিল একই শূন্য দশমিক ৬৯ শতাংশ।
পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের হালনাগাদ প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে।
সোমবার প্রকাশিত তথ্যে দেখা যায়, চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ২ হাজার ১২১ কোটি ১৮ লাখ টাকা খরচ করেছে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ, যা মোট এডিপির বরাদ্দের শূন্য দশমিক ৬৯ শতাংশ।
আগের ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে বাস্তবায়নের হারও ছিল শূন্য দশমিক ৬৯ শতাংশ। তবে টাকার অঙ্কে কম খরচ হয়েছিল, ১ হাজার ৬৪৪ কোটি ৬৬ লাখ টাকা।
চলতি ২০২৬-২৭ অর্থবছরের উন্নয়ন বাজেটে ১ হাজার ১৭২টি উন্নয়ন প্রকল্পে ৩ লাখ ৮ হাজার ৯২৪ কোটি ৮৬ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।
গত ২০২৫-২৬ অর্থবছরে ১ হাজার ১৯৮টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ২ লাখ ৩৮ হাজার ৬৯৬ কোটি টাকা বরাদ্দ ছিল। এ বরাদ্দের বিপরীতে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থা ১ লাখ ৪১ হাজার ৭১ কোটি টাকা খরচ করেছিল। বাস্তবায়নের হার ছিল দশমিক ৫২ শতাংশ; যা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কম।
এর আগে ২০২৪-২৫ অর্থবছরের জুলাইয়ে এডিপি বাস্তবায়নের হার ছিল ১ দশমিক ০৫ শতাংশ, টাকার অঙ্কে যা ২ হাজার ৯২২ কোটি টাকা।
সাধারণত সব আর্থিক বছরেই প্রথম মাসে এডিপি বাস্তবায়নের হার কম হয়ে থাকে। অর্থবছরের শুরুর দিকে মন্ত্রণালয় ও বিভাগগুলো সাধারণত প্রস্তুতিমূলক কাজ ও কর্মপরিকল্পনা প্রণয়ন করে। এ কারণে অর্থবছরের শুরুতে অর্থব্যয় কম হয়ে থাকে। পরবর্তী মাসগুলোতে ধীরে ধীরে বেড়ে থাকে।
আইএমইডির প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায়, স্বাস্থ্য খাতসহ ১০টি মন্ত্রণালয় ও বিভাগ জুলাইয়ে এডিপিতে বরাদ্দের কোনো অর্থই খরচ করতে পারেনি।
এ আর্থিক বছরে এডিপিতে স্বাস্থ্য সেবা বিভাগের জন্য ৬ হাজার ১৪ কোটি ৪৭ লাখ টাকা এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের জন্য ৫ হাজার ৪৯৯ কোটি ১২ লাখ টাকা বরাদ্দ রয়েছে। কিন্তু জুলাইয়ে এ দুই বিভাগ কোনো অর্থই ব্যয় করতে পারেনি।
এছাড়া সেতু বিভাগের জন্য ২ হাজার ৫৯৭ কোটি টাকা, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জন্য ১ হাজার ৮৪৩ কোটি, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জন্য ১ হাজার ৩৭০ কোটি, শিল্প মন্ত্রণালয়ের জন্য ১ হাজার ২৫৯ কোটি, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের জন্য ১ হাজার ১৪৪ কোটি, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের জন্য ৯৫৬ কোটি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য ১৮৫ কোটি এবং বাণিজ্য মন্ত্রণালয়ের জন্য ১৬৬ কোটি টাকা বরাদ্দ রয়েছে।
এসব মন্ত্রণালয় ও বিভাগও জুলাইয়ে বরাদ্দের কোনো অর্থ খরচ করতে পারেনি।
অপরদিকে জুলাইয়ে সবচেয়ে বেশি অর্থ ব্যয় করেছে স্থানীয় সরকার বিভাগ। বিভাগটি ৯৫২ কোটি টাকা ব্যয় করেছে, যা বরাদ্দের ২ দশমিক ৮৫ শতাংশ।
এরপর রয়েছে বিদ্যুৎ বিভাগ। এ বিভাগ ২৬৫ কোটি টাকা ব্যয় করেছে; বাস্তবায়নের হার ১ দশমিক ১৬ শতাংশ।