১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নাশকতাকারীদের কেউ ছাত্র নয়: শেখ হাসিনা

সন্ত্রাসীদের শক্তহাতে দমন করারও আহ্বান জানিয়েছেন সরকার প্রধান।

নাশকতাকারীদের কেউ ছাত্র নয়: শেখ হাসিনা
ফাইল ছবি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2024, 09:27 PM

Updated : 26 Aug 2026, 10:10 AM

আন্দোলনের নামে যারা নাশকতা করছে তারা কেউ 'ছাত্র নয়' বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এই সন্ত্রাসীদের শক্তহাতে দমন করারও আহ্বান জানিয়েছেন সরকার প্রধান। 

রোববার গণভবনে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বৈঠক শেষে কথা বলছিলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, "এখন যারা রাজপথে নাশকতা করছে, তারা কেউই ছাত্র নয়, তারা সন্ত্রাসী। এই সন্ত্রাসীদের শক্ত হাতে দমন করার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাই।”

সরকারি চাকরির কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া এ আন্দোলন এখন সরকারবিরোধী আন্দোলনের রূপ নিয়েছে। প্রধানমন্ত্রীর আলোচনার আহ্বান উপেক্ষা করে শনিবার সরকার পতনের এক দফা দাবিতে সর্বাত্মক অসহযোগের ডাক দেয় কোটা সংস্কার আন্দোলনকারীদের প্লাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

শিক্ষার্থীদের এই আন্দোলনে বিএনপি ও তার সহযোগী সংগঠনগুলো যোগ দিয়েছে। সঙ্গে আছে বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবী ও সাংস্কৃতিক সংগঠন। ক্ষমতাসীন আওয়ামী লীগও এদিন ওয়ার্ডে ওয়ার্ডে অবস্থান কর্মসূচি পালনের পাশাপাশি মিছিলের ডাক দিয়ে রেখেছে।

অসহযোগের প্রথম দিন দেশের বিভিন্ন স্থানে সংঘাত ও প্রাণহানি ঘটেছে।