১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আত্মসমর্পণ করে জামিন পেলেন টয়োটা বাংলাদেশের এমডি

বিচারের জন্য প্রস্তুত হওয়ায় মামলাটি বদলির আদেশ দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2026, 03:22 PM

Updated : 26 Aug 2026, 03:05 PM

প্রতারণার মামলায় টয়োটা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মালয়েশিয়ার নাগরিক প্রেমিত সিংসহ তিনজন আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন।

ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জশিতা ইসলামের আদালতে বৃহস্পতিবার তারা আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন।

শুনানি নিয়ে আদালত এক হাজার টাকা মুচলেকায় তাদের জামিনের আদেশ দেয় বলে জানিয়েছেন আদালতের সহকারী বেঞ্চ সহকারী আশুতোষ ভৌমিক।

তিনি বলেন, “এদিন আসামিরা আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত তাদের জামিন মঞ্জুর করেন।”

বিচারের জন্য প্রস্তুত হওয়ায় মামলাটি বদলির আদেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

অপর দুই আসামি হলেন—টয়োটা সুশো এশিয়া প্যাসিফিকের ভাইস প্রেসিডেন্ট, জাপানি নাগরিক আকিও ওগাওয়া এবং টয়োটা সুশো করপোরেশনের জেনারেল ম্যানেজার আসিফ রহমান।

গত ৯ জুলাই প্রতারণার এ মামলা করেন টয়োটার পরিবেশক নাভানা লিমিটেডের শফিউল ইসলাম। আসামিদের বিরুদ্ধে ব্যবসায়িক স্বার্থ ক্ষুণ্ন করতে প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ করা হয় মামলায়।

তদন্ত শেষে অভিযোগের সত্যতার পাওয়া গেছে জানিয়ে গত ৮ ডিসেম্বর আদালতে প্রতিবেদন জমা দেন তদন্ত কর্মকর্তা পিবিআই পরিদর্শক সৈয়দ সাজেদুর রহমান ।

ওই প্রতিবেদন আমলে নিয়ে গত ৮ ফেব্রুয়ারি তাদের আদালতে হাজির হতে সমন জারি করা হয়।

তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, গ্রাহকদের ক্রয়াদেশ দেওয়া যানবাহনের উৎপাদন ইচ্ছাকৃতভাবে বিলম্বিত করেন আসামিরা। পাশাপাশি কাস্টমস ক্লিয়ারেন্সের জন্য বাধ্যতামূলক ‘ম্যানুফ্যাকচারার ইনভয়েস’ সরবরাহ না করে নাভানার স্বাভাবিক আমদানি ও সরবরাহ প্রক্রিয়া ব্যাহত করা হয়। এসব কর্মকাণ্ডের ফলে নাভানা লিমিটেড আর্থিক ক্ষতির মুখে পড়ে এবং কোম্পানির সুনাম ক্ষুণ্ন হয়। একইসঙ্গে কাস্টমস সংক্রান্ত জটিলতা ও জরিমানার ঝুঁকিতে পড়ে কোম্পানিটি।

মামলায় অভিযোগ করা হয়, বাংলাদেশে টয়োটা ব্র্যান্ডের একক পরিবেশ হিসেবে নাভানা দীর্ঘদিন ধরে টয়োটা টুশো করপোরেশনের সঙ্গে কাজ করে আসছে। তবে আসামিরা এই একক পরিবেশনা ব্যবস্থা দুর্বল করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে নাভানা লিমিটেডের বিরুদ্ধে মিথ্যা ও পক্ষপাতদুষ্ট বাজার পরিস্থিতি ও কর্মদক্ষতা সংক্রান্ত প্রতিবেদন উপস্থাপন করেন। এর মাধ্যমে নাভানার সঙ্গে টয়োটার ব্যবসায়িক সক্ষমতা ও ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।

আরও পড়ুন

টয়োটা বাংলাদেশের এমডিসহ ৩ জনের বিরুদ্ধে সমন জারি

টয়োটা বাংলাদেশের এমডিসহ ৩ জনের বিরুদ্ধে ‘প্রতারণার প্রমাণ’ পেয়েছে পিবিআই