Published : 08 Feb 2026, 08:20 PM
প্রতারণার অভিযোগে করা মামলায় টয়োটা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মালয়েশিয়ার নাগরিক প্রেমিত সিংসহ তিনজনের বিরুদ্ধে সমন জারি করেছে আদালত।
আসামিদের আগামী ৫ মার্চ আদালতে হাজির হতে হবে।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রতিবেদন আমলে নিয়ে রোববার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ আদেশ দেন।
অন্য আসামিরা হলেন- টয়োটা সুশো এশিয়া প্যাসিফিকের ভাইস প্রেসিডেন্ট জাপানি নাগরিক আকিও ওগাওয়া এবং টয়োটা সুশো করপোরেশনের জেনারেল ম্যানেজার আসিফ রহমান।
সংশ্লিষ্ট আদালতের সহকারী বেঞ্চ সহকারী এনায়েত উলাহ এসব তথ্য জানান।
ব্যবসায়িক স্বার্থ ক্ষুণ্ন করতে প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ২০২৫ সালের ৯ জুলাই এ মামলা করেন নাভানা লিমিটেডের শফিউল ইসলাম।
বাদীর জবানবন্দি রেকর্ড করে আদালত অভিযোগের বিষয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দেয়। তদন্ত শেষে অভিযোগের সত্যতার পাওয়া গেছে মর্মে গত ৮ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক সৈয়দ সাজেদুর রহমান আদালতে প্রতিবেদন জমা দেন।
মামলায় অভিযোগ করা হয়, বাংলাদেশে জাপানি গাড়ির প্রতিষ্ঠান টয়োটা সুশো করপোরেশের ব্যবসায়িক পার্টনার নাভানা লিমিটেড। নাভানা দীর্ঘদিন ধরে টয়োটা সুশো করপোরেশনের সঙ্গে বাংলাদেশের জন্য টয়োটা ব্র্যান্ডের একক ডিস্ট্রিবিউটর হিসেবে ব্যবসা চালিয়ে আসছে।
“তবে অভিযুক্তরা এই একক ডিস্ট্রিবিউটরশিপ ব্যবস্থা দুর্বল করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে নাভানা লিমিটেডের বিরুদ্ধে মিথ্যা ও পক্ষপাতদুষ্ট বাজার পরিস্থিতি ও কর্মদক্ষতা সংক্রান্ত প্রতিবেদন উপস্থাপন করেন। এর মাধ্যমে নাভানার সঙ্গে টয়োটার ব্যবসায়িক সক্ষমতা ও ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।”
প্রতিবেদনে বলা হয়, অভিযুক্তরা গ্রাহকদের অর্ডার করা যানবাহনের উৎপাদন ইচ্ছাকৃতভাবে বিলম্বিত করেন। পাশাপাশি কাস্টমস ক্লিয়ারেন্সের জন্য বাধ্যতামূলক ‘ম্যানুফ্যাকচারার ইনভয়েস’ সরবরাহ না করে নাভানার স্বাভাবিক আমদানি ও সরবরাহ প্রক্রিয়া ব্যাহত করা হয়।
“এসব কর্মকাণ্ডে নাভানা লিমিটেড আর্থিক ক্ষতির মুখে পড়ে এবং কোম্পানির সুনাম ক্ষুণ্ন হয়। একই সঙ্গে কাস্টমস সংক্রান্ত জটিলতা ও জরিমানার ঝুঁকিতে পড়ে প্রতিষ্ঠানটি।