১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

টয়োটা বাংলাদেশের এমডিসহ ৩ জনের বিরুদ্ধে ‘প্রতারণার প্রমাণ’ পেয়েছে পিবিআই

গত ৯ জুলাই এ মামলা করেন টয়োটার পরিবেশক নাভানা লিমিটেডের শফিউল ইসলাম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2025, 06:00 PM

Updated : 26 Aug 2026, 05:23 PM

টয়োটা বাংলাদেশ লিমিটেডের এমডি প্রেমিত সিংসহ তিনজনের বিরুদ্ধে প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

তদন্ত শেষে সম্প্রতি ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই'র ইন্সপেক্টর  সৈয়দ সাজেদুর রহমান এ প্রতিবেদন দাখিল করেন। 

এ প্রতিবেদনের ওপর আগামী ৩০ ডিসেম্বর ঢাকার মহানগর হাকিম জুয়েল রানার আদালতে শুনানি হবে।

তদন্ত কর্মকর্তা সাজেদুর রহমান বলেন, “টয়োটা বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রেমিত সিং, টয়োটা টুশো এশিয়া প্যাসিফিকের ভাইস প্রেসিডেন্ট আকিও ওগাওয়া এবং টয়োটা টুশো করপোরেশনের জেনারেল ম্যানেজার আসিফ রহমানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ প্রমাণিত হওয়ায় গত ৮ ডিসেম্বর প্রতিবেদন দাখিল করেছি।”

গত ৯ জুলাই প্রতারণার এ মামলা করেন টয়োটার পরিবেশক নাভানা লিমিটেডের শফিউল ইসলাম। আসামিদের বিরুদ্ধে ব্যবসায়িক স্বার্থ ক্ষুণ্ন করতে প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ করা হয় মামলায়।

তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, গ্রাহকদের ক্রয়াদেশ দেওয়া যানবাহনের উৎপাদন ইচ্ছাকৃতভাবে বিলম্বিত করেন আসামিরা। পাশাপাশি কাস্টমস ক্লিয়ারেন্সের জন্য বাধ্যতামূলক ‘ম্যানুফ্যাকচারার ইনভয়েস’ সরবরাহ না করে নাভানার স্বাভাবিক আমদানি ও সরবরাহ প্রক্রিয়া ব্যাহত করা হয়। এসব কর্মকাণ্ডের ফলে নাভানা লিমিটেড আর্থিক ক্ষতির মুখে পড়ে এবং কোম্পানির সুনাম ক্ষুণ্ন হয়। একইসঙ্গে কাস্টমস সংক্রান্ত জটিলতা ও জরিমানার ঝুঁকিতে পড়ে কোম্পানিটি।

মামলায় অভিযোগ করা হয়, বাংলাদেশে টয়োটা ব্র্যান্ডের একক পরিবেশ হিসেবে নাভানা দীর্ঘদিন ধরে টয়োটা টুশো করপোরেশনের সঙ্গে কাজ করে আসছে। তবে আসামিরা এই একক পরিবেশনা ব্যবস্থা দুর্বল করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে নাভানা লিমিটেডের বিরুদ্ধে মিথ্যা ও পক্ষপাতদুষ্ট বাজার পরিস্থিতি ও কর্মদক্ষতা সংক্রান্ত প্রতিবেদন উপস্থাপন করেন। এর মাধ্যমে নাভানার সঙ্গে টয়োটার ব্যবসায়িক সক্ষমতা ও ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।