২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এনআইডি জালিয়াত ও সহায়তাকারীদের ছাড় নয়: সিইসি

নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সতর্কতার সঙ্গে কাজ করার নির্দেশনাও দে তিনি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2024, 09:19 PM

Updated : 02 Mar 2024, 09:19 PM

জাতীয় পরিচয়পত্র জালিয়াতি নিয়ে সম্পৃক্তদের বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

শনিবার বিকালে নির্বাচন ভবনে ভোটার দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এ হুঁশিয়ারি দেন।

আগারগাঁওয়ে নির্বাচন ভবনে তিনি বলেন, জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) গুরুত্ব অনেক বেড়েছে। এটা এখন অপরিহার্য। সম্পত্তি ভাগাভাগি নিয়ে সংকট দেখা যায়। এদের সংখ্যা খুব বেশি নয়, যারা অতি চালাক তারা একাধিক কার্ড করে ফেলেন। এনআইডি এখন অনেকটাই সুষ্ঠু অবস্থায় এসে পৌঁছেছে।

সাম্প্রতিক সময়ে এনআইডি জালিয়াতির অনেকগুলো ঘটনা ধরা পড়েছে। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তারের তথ্য খবরে এসেছে। গত তিন মাসে রোহিঙ্গাদের জন্য করা ১৪৩টি পাসপোর্টের সন্ধান পায় পুলিশ। এ চক্রের কক্সবাজার, টাঙ্গাইল এবং ঢাকার আগারগাঁও, মোহাম্মদপুর, যাত্রাবাড়ী ও বাড্ডায় ধারাবাহিক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এনআইডি করতে গিয়ে কেউ কেউ প্রতারণার আশ্রয় নেয় জানিয়ে সিইসি এ বিষয়ে কর্মকর্তাদের সতর্কতার সঙ্গে কাজ করার নির্দেশনা দেন।

তিনি বলেন, “আমাদের সহকর্মীদের বলব-সতর্কতার সঙ্গে কাজ করবেন। প্রতারণার জন্য বিশেষ করে জায়গা, জমি বেহাত করার জন্য অবৈধভাবে যে এনআইডি করা হয় কেউ যদি করে থাকে, আমাদের কারও যেন কমপ্লিসিটি (কুকর্মে সহায়তা) না থাকে। বিভ্রান্ত হয়ে, ভুল করে দিতে পারেন; কিন্তু সচেতনভাবে অপরাধের কাজের জন্য কেউ করে তাহলে আমাদের ট্রলারেন্সি জিরো হবে। আমরা ওই ধরনের কর্মকর্তাদের পুলিশে হস্তান্তর করব।”

‘সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো’-এমন প্রতিপাদ্য নিয়ে ভোটার দিবস পালন করছে ইসি। এ অনুষ্ঠানে নির্বাচন কশিমন সচিবসহ নির্বাচন কমিশনাররা উপস্থিত ছিলেন।

হাবিবুল আউয়াল বলেন, “ভোটার দিবসের একটা বড় লক্ষ্য হওয়া উচিত ভোটারদের উজ্জীবিত করা, তারা যেন বুদ্ধিমত্তার সাথে স্বাধীনভাবে মতামত ব্যক্ত করতে পারেন ব্যালটের মাধ্যমে। তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচন করতে পারেন, তাদের পছন্দের সরকার গঠন করতে পারেন এটাই মুখ্য।”

তিনি বলেন, অনেকে ভোট দিতে যান না এমনও বলেছেন অনেকে। তার কারণ থাকতে পারে, অনেকে বলেন ভোট দিয়ে কী হবে, সঠিক ভোট দিতে পারবো কি না-ভোটের ব্যাপারে যে অনাস্থা সৃষ্টি হয়েছিল তা কাটিয়ে ওঠার প্রয়োজন ছিল। কিন্তু একটা বড় দল অংশ নেয়নি, স্বাভাবিকভাবে অনেকে অনাগ্রহ হয়ে থাকতে পারে।

“আমাদের কাজ হচ্ছে ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করা। গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যেতে হলে ইসির বড় দায়িত্ব রয়েছে।…আমাদের স্বাধীনভাবে ক্ষমতা প্রয়োগ করতে হবে। তবে যারা শক্তিশালী তারা অন্যের স্বাধীনতা পছন্দ করেন না। সবাইকে স্বাধীনভাবে ও সাহসিকার সাথে কাজ করতে হবে।”

 আরও পড়ুন:

পুরনো খবর:

দেশে ভোটার এখন ১২ কোটি সাড়ে ১৮ লাখ
রোহিঙ্গাদের এনআইডি: দুদকের চিঠিতে ২ ইসি কর্মকর্তাসহ ৭ নাম
এনআইডি তথ্য ভাণ্ডারের সেবাগ্রহীতাদের নজরে রাখার সুপারিশ
জন্ম সনদ, এনআইডি, পাসপোর্ট সবই বানিয়ে দিত তারা