১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

লঘুচাপ পরিণত স্থল নিম্নচাপে, বন্দরে ৩ নম্বর সংকেত

এর প্রভাবে উপকূলীয় এলাকায় দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2025, 06:11 PM

Updated : 26 Aug 2026, 01:22 PM

সাগরে সৃষ্ট লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপ থেকে ঘনীভূত হয়ে এখন স্থল নিম্নচাপে পরিণত হয়েছে।

আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক সোমবার বলেন, স্থল নিম্নচাপটি বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় এলাকায় অবস্থান করছে। 

“এর প্রভাবে উত্তর বঙ্গপোসাগরে বায়ুচাপের আধিক্য বিরাজ করছে। সে কারণে উত্তর বঙ্গপোসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরের ওপর দিয়ে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।”

বিরূপ আবহাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

উত্তর বঙ্গপোসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে পরামর্শ দেওয়া হয়েছে। 

আবহাওয়ার এক সতর্কবার্তায় বলা হয়, সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে। আর তাতে কোথাও কোথাও জলাবদ্ধতা দেখা দিতে পারে।

সাধারণত ২৪ ঘণ্টায় ১ থেকে ১০ মিলিমিটার বৃষ্টি হলে হালকা, ১১ থেকে ২২ মিলিমিটার বৃষ্টি হলে মাঝারি, ২৩ থেকে ৪৩ মিলিমিটার বৃষ্টি হলে মাঝারি ধরনের ভারি, ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টি হলে ভারি এবং ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টি রেকর্ড হলে সেটিকে বলা হয়ে থাকে অতিভারি বৃষ্টিপাত।