Published : 13 Sep 2026, 10:05 PM
বিদেশে পাচার হওয়া সম্পদ আদালতের আদেশে জব্দ বা অবরুদ্ধের পর সেই সম্পদ থেকে কর আদায় করতে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য অ্যাটর্নি জেনারেলকে প্রধান করে সাত সদস্যের কমিটি গঠন করেছে সরকার।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ রোববার উচ্চ পর্যায়ের এ কমিটি গঠন করে।
প্রজ্ঞাপনে বলা হয়, বিদেশে পাচার করা সম্পদের মধ্যে আদালত যেগুলো অবরুদ্ধ বা সংযুক্ত করেছে সেগুলো থেকে সরকারের শুল্ক বা কর আদায়ের ক্ষেত্রে আইনি ও অন্যান্য পদক্ষেপ গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নিতে করণীয় ঠিক করবে এ কমিটি।
একই সঙ্গে এজন্য প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণে সুপারিশ করবে এ কমিটি বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।
কমিটির সদস্য সচিব করা হয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) মহাপরিচালককে।
অন্য সদস্যরা হলেন–আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব (কেন্দ্রীয় ও বাণিজ্যিক ব্যাংক অনুবিভাগ), দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক (মানিলন্ডারিং), বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান কর্মকর্তা, এনবিআরের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলের (সিআইসি) মহাপরিচালক এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিআইজি (অর্গানাইজড ক্রাইম)।