১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নাসার নজরুলের ১৮০ কোটি টাকার সম্পদ জব্দ

৫৩ দলিলের বিপরীতে তার নিবন্ধন করা এসব জমি জব্দ করত বলেছে আদালত।

নাসার নজরুলের ১৮০ কোটি টাকার সম্পদ জব্দ
আদালত চত্বরে নজরুল ইসলাম মজুমদার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2025, 03:36 PM

Updated : 26 Aug 2026, 05:08 PM

নাসা গ্রুপের চেয়ারম্যান ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের পূর্বাচলের জলসিঁড়ি আবাসিক প্রকল্পের ১৬২ কাঠার প্লটসহ বেশ কিছু জমি জব্দের আদেশ দিয়েছে আদালত।

রাজধানীর ওই প্লট এবং ৫৩ দলিলের বিপরীতে নিবন্ধন করা এসব জমির বাজারমূল্য ১৮০ কোটি ৩৭ লাখ টাকা দেখিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার একই সঙ্গে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ তার তিনটি ব্যাংক হিসাবে থাকা ২ কোটি ২ লাখ ৩৮৪ টাকা অবরুদ্ধের আদেশ দিয়েছেন।

দুদকের আবেদনের প্রেক্ষিতে আদালতের এ আদেশ আসার তথ্য দিয়েছেন 

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।

এদিন দুদকের সহকারী পরিচালক শাহজাহান মিরাজ ব্যাবসায়ী নেতা নজরুল ইসলাম মজুমদারের সম্পদ জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন।

ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের সময় ব্যাংক খাতের প্রভাবশালী হিসেবে আলোচিত মজুমদার গ্রেপ্তারের পর থেকে কারাগারে আছেন। তার বিরুদ্ধে ‘ক্ষমতার অপব্যবহার করে ঘুষ ও দুর্নীতির’ মাধ্যমে ৭৮১ কোটি ১ লাখ ২২ হাজার ৯৫৪ টাকা অর্জনের অভিযোগে মামলা করেছে দুদক।

সম্পদ জব্দের আবেদনে দুদক বলছে, এসব সম্পদ জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ। সেজন্য তার বিরুদ্ধে দুদক মামলা করেছে। তদন্তকালে বিভিন্ন সূত্র হতে জানা গেছে, আসামি তার স্থাবর, অস্থাবর সম্পদগুলো বিক্রি বা স্থানান্তর করার চেষ্টা করছেন। মামলা নিষ্পত্তির আগে অবৈধ সম্পত্তি হস্তান্তর, স্থানান্তর, বিক্রি হয়ে গেলে রাষ্ট্রের ক্ষতি হবে। 

সেজন্য তার সম্পদ জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধ করা আবশ্যক বলে আদালতে আবেদন করা হয়। পরে শুনানি শেষে আদালত তার সম্পদ জবন্ধ ও অর্থ অবরুদ্ধ করার আদেশ দেয়।

আরও পড়ুন

দুবাইয়ে নাসার নজরুলের সম্পদের 'সন্ধান পেয়েছে' সরকার

নাসার নজরুল ও তার পরিবারের ৫২ ব্যাংক হিসাব অবরুদ্ধ

নাসার নজরুল হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার

৭৮১ কোটি টাকার 'অবৈধ' সম্পদ, নাসার নজরুলের বিরুদ্ধে দুদকের মামলা