Published : 02 Sep 2025, 01:07 PM
জুলাই আন্দোলনে মধ্যে ঢাকার খিলগাঁও থানার হত্যাচেষ্টা মামলায় এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও নাসা গ্রুপের কর্ণধার নজরুল ইসলাম মজুমদারকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত।
তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি নিয়ে ঢাকার মহানগর হাকিম মাসুম মিয়া এ আদেশ দেন।
প্রসিকিউশনের ইন্সপেক্টর মো. আসাদুজ্জামান এ কথা জানিয়েছেন।
গত ২৮ অগাস্ট মামলার তদন্ত কর্মকর্তা খিলগাঁও থানার এসআই রওশন ফেরদৌস নজরুল ইসলাম মজুমদারকে এ মামলায় গ্রেপ্তার দেখানোরর আবেদন করেন। আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য এদিন ঠিক করেন।
সকালে শুনানিতে নজরুল ইসলামকে আদালতে হাজির করা হয়।
রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন তাকে গ্রেপ্তার দেখানোর পক্ষে শুনানি করেন।
তিনি বলেন, “এ আসামি ফ্যাসিস্ট, স্বৈরাচার শেখ হাসিনার ঘনিষ্ঠ। এজাহারনামীয় আসামি। ১৯ জুলাই সকাল থেকে রাত ১০টা পর্যন্ত হাসিনার অনুগত সেনাবাহিনী, পুলিশ, র্যাব, আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা, সুবিধাবাদীরা আন্দোলন দমাতে আন্দোলনকারীদের ওপর গুলি করে। সেদিন আর লাঠি ব্যবহার করেনি। উত্তরা, যাত্রাবাড়ী, খিলগাঁও, মোহাম্মদপুর, রামপুরাসহ অনেক জায়গায় অনেকে আহত হয়। বাদীও গুলিবিদ্ধ হয়। তাকে গ্রেপ্তার দেখানোর প্রার্থনা করছি।”
পরে আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, আন্দোলনের মধ্যে গত বছরের ১৯ জুলাই বিকেল ৫ টার দিকে খিলগাঁও মেরাদিয়ায় পিবিআই অফিসের সামনে আন্দোলনকারীদের ওপর হামলা চালানো হয়। এসময় রনির গলায় গুলি লাগে। দীর্ঘদিন চিকিৎসা শেষে গত ২১ জানুয়ারি খিলগাঁও থানায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৮৭ জনের বিরুদ্ধে মামলা করেন তিনি।
গত বছর ক্ষমতার পালাবদলের পর ১ অক্টোবর গুলশান থেকে নজরুল ইসলাম মজুমদারকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এরপর একাধিক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয় এবং জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয় রিমান্ডেও।