Published : 27 Jul 2025, 05:25 PM
‘জ্ঞাত আয়ের উৎসবিহীন’ সম্পদ অর্জনের অভিযোগে বিমান বাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান ও তার স্ত্রী তাহমিদা বেগমের বিরুদ্ধে আলাদা দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।
রবিবার দুদকের উপপরিচালক মো. তানজির হাসিব সংস্থার সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এ মামলা দুটি দায়ের করেন।
দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য দিয়েছেন।
মামলার এজাহারে বলা হয়েছে, অবসরপ্রাপ্ত এয়ার চিফ মার্শাল হান্নান ‘অপরাধমূলক অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ৩ কোটি ২৮ লাখ ৫১ হাজার ৫০৬ টাকার জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ’ সম্পদ অর্জন করেছেন এবং তা নিজের দখলে রেখেছেন।
এছাড়া, তিনি ছয়টি ব্যাংক হিসাবে মোট ২৭ কোটি ৬৩ লাখ ৬৬ হাজার ৭০০ টাকার ‘সন্দেহজনক লেনদেন’ করেছেন।
এসব লেনদেনের মাধ্যমে ‘অর্থ হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর ঘটিয়ে হান্নান ‘ছদ্মবেশ’ ধারণ করেছেন।
মামলায় বলা হয়েছে, এই কার্যক্রম দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত।
দুদকের অনুসন্ধানের বরাতে মামলায় অভিযোগ করা হয়েছে, হান্নান ৩ কোটি ৩৮ লাখ ৫০ হাজার টাকার স্থাবর ও ৩ কোটি ৭৮ লাখ ৬৬ হাজার টাকার অস্থাবর সম্পদসহ মোট ৭ কোটি ১৭ লাখ ১৬ হাজার টাকার সম্পদ অর্জন করেছেন। তার দায়দেনা রয়েছে ১৬ লাখ ৬৩ হাজার ৯৮০ টাকা। সেই অনুযায়ী নিট সম্পদের পরিমাণ দাঁড়ায় ৭ কোটি ৫০ লাখ ৫২ হাজার ১৩৪ টাকা।
এছাড়া, বিমান বাহিনীর এই সাবেক প্রধানের আয়কর নথি ও অন্য সংশ্লিষ্ট নথিবদ্ধ তথ্য বিশ্লেষণে দেখা যায়, তার পারিবারিক ব্যয় ছিল ১ কোটি ৭৮ লাখ ৭০ হাজার ৫৩৪ টাকা। অর্থাৎ এ ব্যয়সহ অর্জিত সম্পদের পরিমাণ দাঁড়ায় মোট ৮ কোটি ৯৬ লাখ ২২ হাজার ৬৬৮ টাকা।
অপরদিকে, গ্রহণযোগ্য আয়ের পরিমাণ পাওয়া যায় ৫ কোটি ৫০ লাখ ৭১ হাজার ১৬২ টাকা। ফলে, অতিরিক্ত ‘জ্ঞাত আয়বহির্ভূত’ সম্পদের পরিমাণ দাঁড়ায় ৩ কোটি ২৮ লাখ ৫১ হাজার ৫০৬ টাকা।
দুদক বলেছে, হান্নান রাষ্ট্রের একজন উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের সময় ‘অপরাধমূলক অসদাচরণের’ মাধ্যমে এই সম্পদ অর্জন করেছেন বলে সংস্থার প্রাথমিক অনুসন্ধানে প্রতীয়মান হয়েছে।
মামলায় অনুসন্ধানের বরাতে বলা হয়েছে, অবসরপ্রাপ্ত এ এয়ার চিফ মার্শাল কাতার, দুবাইসহ বিভিন্ন দেশে ব্যবসা প্রতিষ্ঠান ও সম্পদ অর্জন করেছেন। এছাড়া কানাডায় তার পোষ্যদের নামে বিপুল পরিমাণ সম্পদের তথ্যও পাওয়া গেছে, যার বিস্তারিত মূল্যায়ন মামলার তদন্তকালে নির্ধারণ করা হবে।
তাহমিদার বিরুদ্ধে অভিযোগ
হান্নানের স্ত্রী তাহমিদার বিরুদ্ধে দায়ের করা মামলায় বলা হয়েছে, তিনি ও তার স্বামী পরস্পরের যোগসাজশে ‘বৈধ আয়বিহীন’ ১ কোটি ৯১ লাখ ৯০ হাজার টাকার সম্পদ অর্জন করেছেন। এছাড়া, তিনি ৩২টি ব্যাংক হিসাবে মোট ১ কোটি ১৮ লাখ ১৯ হাজার ৯২৩ টাকার ‘সন্দেহজনক লেনদেনের মাধ্যমে অর্থের উৎস গোপন করেছেন এবং অর্থ স্থানান্তর ও রূপান্তর’ করেছেন।
এসব অপরাধস মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারা, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় শাস্তিযোগ্য।
অনুসন্ধানের বরাতে দুদক বলেছে, তাহমিদার নামে থাকা ১ কোটি ৯৪ লাখ ৮৬ হাজার ৭৩৪ টাকার সম্পদের বিপরীতে বৈধ আয়ের উৎস ‘পাওয়া গেছে’ মাত্র ১৮ লাখ ৫৫ হাজার ৭১৭ টাকা। ফলে ১ কোটি ৯১ লাখ ৯০ হাজার টাকার অতিরিক্ত সম্পদের কোনো বৈধ উৎস ‘পাওয়া যায়নি’।
মামলার এজাহারে বলা হয়েছে, তাহমিদার এই সম্পদ তার স্বামীর মাধ্যমে অর্জিত এবং দুজন পরস্পরের সহায়তায় ‘দুর্নীতির মাধ্যমে এসব সম্পদ অর্জন ও অর্থ পাচার করেছেন’।
শেখ হাসিনা সরকারের সময় ২০২১ সালের ১২ জুন এয়ার ভাইস মার্শাল শেখ আব্দুল হান্নান এয়ার মার্শাল হিসেবে পদোন্নতি পেয়ে বিমান বাহিনী প্রধানের দায়িত্ব নেন। গত বছরের ১১ জুন অবসরে যান তিনি।
গত বছরের ৫ অগাস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন ঘটে।
চলতি বছরের ৫ মে বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান ও তার পরিবারের তিন সদস্যের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেয় আদালত।
বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা আরোপের একদিন বাদেই বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নানের জমি, বাড়ি, ফ্ল্যাট জব্দ এবং ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেওয়া হয়।
এরপর ২৪ মে হান্নান ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ৩৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেয় আদালত।
পুরনো খবর:
বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান পরিবারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নানের সম্পদ জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ
বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান ও পরিবারের ৩৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ