১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান ও পরিবারের ৩৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ

এসব হিসাবে এক কোটি ১৮ লাখ ৩৪ হাজার ৩২২ টাকা রয়েছে।

বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান ও পরিবারের ৩৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ
বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান। ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2025, 02:25 PM

Updated : 26 Aug 2026, 12:47 PM

বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ৩৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। 

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব শনিবার এ আদেশ দেন। 

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি বলেছেন, ৩৮টি ব্যাংক হিসাবের মধ্যে শেখ আব্দুল হান্নানের নামে পাঁচটি, তার ছেলে শেখ লাবিব হান্নানের নামে ১টি এবং ৩২টি ব্যাংক হিসাব আছে স্ত্রী তাহমিদা বেগমের নামে। এসব হিসাবে এক কোটি ১৮ লাখ ৩৪ হাজার ৩২২ টাকা রয়েছে।

দুদকের পক্ষে সংস্থার উপপরিচালক তানজিব হাসিব সরকার ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, শেখ আব্দুল হান্নান ক্ষমতার অপব্যবহার করে নিজ, পরিবার ও স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে দেশে-বিদেশে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন বলে দুদকের অনুসন্ধানে তথ্য পাওয়া গেছে।

এসব সম্পদ অন্যত্র হস্তান্তর, স্থানান্তরের চেষ্টা চলছে জানিয়ে জরুরি ভিত্তিতে তা জব্দ ও অবরুদ্ধ করা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।

গত ৫ মে শেখ আব্দুল হান্নান পরিবারের তিন সদস্যের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন আদালত। পরদিন তার জমি, বাড়ি, ফ্ল্যাট জব্দ এবং ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেয় আদালত।

বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান পরিবারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নানের সম্পদ জব্দব্যাংক হিসাব অবরুদ্ধ