১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের যমুনা অভিমুখী পদযাত্রা আটকে দিল পুলিশ

“তারা যদি বিকাল ৫টার মধ্যে আমাদের যেতে না দেয় বা দাবির প্রতি সংহতিপূর্ণ বক্তব্য প্রকাশ না করে, তবে আমরা আমরণ অনশন কর্মসূচি শুরু করতে বাধ্য হব।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2025, 03:40 PM

Updated : 10 Sep 2026, 12:56 PM

সরকারি চাকরিতে কোটাসহ পাঁচ দফা দাবিতে রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থানরত চাকরিপ্রত্যাশী প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের যমুনা অভিমুখী পদযাত্রা আটকে দিয়েছে পুলিশ। 

সপ্তদশ দিনের অবস্থান কর্মসূচি থেকে প্রতিবন্ধী গ্র্যাজুয়েটরা মঙ্গলবার দুপুর ২টার দিকে ‘মাথায় কাফনের কাপড় বেঁধে’ যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করেন। পদযাত্রাটি শাহবাগ থানার সামনে পৌঁছালে পুলিশ তাদের বাধা দেয়। 

একজন চাকরিপ্রত্যাশী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা সরকারের কাছে ৫ দফা দাবি নিয়ে যাচ্ছিলাম। বিগত দিনের মত আজকেও আমাদের আটকে দেওয়া হয়েছে। আমরা এ ঘৃণিত কাজের তীব্র নিন্দা জানাই। আমরা চাই অতিদ্রুত ব্যারিকেড তুলে আমাদের যমুনার দিকে যেতে দেওয়া হোক। 

“তারা যদি বিকাল ৫টার মধ্যে আমাদের যেতে না দেয় বা দাবির প্রতি সংহতিপূর্ণ বক্তব্য প্রকাশ না করে, তবে আমরা আমরণ অনশন কর্মসূচি শুরু করতে বাধ্য হব।”

আরেক প্রার্থী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই দাবিগুলো নিয়ে আমরা ১৭দিন ধরে দিনরাত ২৪ ঘণ্টা রাজু ভাস্কর্যের সামনে অবস্থান করছি। আমরা প্রতিদিনই প্রধান উপদেষ্টার কাছে দাবি জানাতে যেতে চাই, আর পুলিশ আমাদের আটকে দেয়। আমরা আজ কাফনের কাপড় মাথায় বেঁধে পদযাত্র শুরু করেছি। 

“আমরা প্রধান উপদেষ্টার কাছে বলতে চাই। আমরা অলরেডি ডেড। আমরা মৃত্যু মিছিল নিয়ে বের হয়েছি। আমাদের হয় মেরে ফেলুন, অথবা আমাদের সাংবিধানিক অধিকার দেওয়া হোক। আপনাদের কাফনের কাপড়ও কিনতে হবে না, তা আমরা নিয়ে এসেছি।”

প্রতিবন্ধী গ্র্যাজুয়েটরা পাঁচ দফা দাবি নিয়ে গত ১৯ অক্টোবর থেকে রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান করছেন।  

>> প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে স্বতন্ত্র ২ শতাংশ কোটা এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণির চাকরিতে ৫ শতাংশ স্বতন্ত্র প্রতিবন্ধী কোটা নির্ধারণ।

>> নির্বাহী আদেশের মাধ্যমে প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের বিশেষ নিয়োগ প্রদান। 

>> বিদ্যমান অভিন্ন জাতীয় শ্রুতলেখক নীতিমালা সংশোধন

>> পিএইচটি সেন্টারগুলোর শূন্য পদে দৃষ্টিপ্রতিবন্ধী চাকরিপ্রত্যাশীদের বিশেষ নিয়োগের ব্যবস্থা 

>> প্রতিবন্ধী গ্র্যাজুয়েটদের জন্য চাকরির বয়সসীমা ৩৫ বছর করা।