Published : 02 Jun 2026, 09:09 PM
ঢাকায় বাসার ফটকের সামনে দুই নারীর ছিনতাইয়ের শিকার হওয়ার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের বন্দর এলাকায় র্যাব ও পুলিশের আলাদা অভিযানে তারা গ্রেপ্তার হন। গ্রেপ্তার দুজন হলেন, আনোয়ার হোসেন ও জুয়েল।
গেল শনিবার গভীর রাতে বাস থেকে ঢাকার শ্যামলীতে নামেন ঠাকুরগাঁও থেকে আসা দুই নারী। পরে রিকশায় করে মোহাম্মদপুরের নূরজাহান রোডের বাসার সামনে গেলে তারা ছিনতাইকারীদের কবলে পড়েন।
সেই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর পুলিশ বলেছিল, ছিনতাইকারী একজনকে তারা শনাক্ত করতে পেরেছে।
পরে সোমবার ছিনতাইয়ের শিকার এক এক নারী মোহাম্মদপুর থানায় মামলা করেন।
এর পরের দিনই নারায়ণগঞ্জ থেকে ভিডিওতে দেখা যাওয়া দুই ছিনতাইকারী গ্রেপ্তার করা হলো।
পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার আব্দুল্লাহ আল মামুন বলেন, “মঙ্গলবার দুপুর থেকে নারায়ণগঞ্জের বন্দর এলাকায় অভিযান চালিয়ে আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।”
তিনি মোহাম্মদপুর এলাকার একাধিক ছিনতাইয়ের ঘটনায় জড়িত বলে দাবি পুলিশের।
তার কাছে ছিনতাইয়ে ব্যবহৃত ২টি চাপাতি পাওয়া গেছে। এছাড়া তার দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাই হওয়া মালামালসহ ৩টি ব্যাগ উদ্ধার করা হয়।
এদিকে একই এলাকা থেকে জুয়েলকে গ্রেপ্তারের তথ্য দিয়ে র্যাবের এক কর্মকর্তা বলেন, তাকে নিয়েও ছিনতাই হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, দুই নারী রিকশা থেকে বাসার সামনে নামেন। বাসায় ঢোকার মুহূর্তে লুঙ্গি পরা এক যুবক চাপাতি হাতে তাদের দিকে এগিয়ে আসেন। তার পেছনে আসেন আরেক যুবক।
হাতে চাপাতি থাকা যুবক কিছু একটা বলে প্রথম রিকশাচালককে ধাক্কা দেন। পরে চাপাতির ভয় দেখিয়ে ব্যাগ, লাগেজ ও মোবাইল নিয়ে নেন তারা। নারীদের অলংকার ও মোবাইল ফোন নিতে তাদের তল্লাশি করতে দেখা গেছে।
আরো পড়ুন-
ছুটি শেষে মোহাম্মদপুরের বাসায় ঢোকার মুহূর্তে ছিনতাইয়ের শিকার ২ নারী