০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

ছুটি শেষে মোহাম্মদপুরের বাসায় ঢোকার মুহূর্তে ছিনতাইয়ের শিকার ২ নারী

ছিনতাইকারীরা অস্ত্রের মুখে দুই নারীর কাছে থাকা ব্যাগ ও লাগেজ নিয়ে গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2026, 05:44 PM

Updated : 11 Sep 2026, 03:19 PM

কোরবানির ঈদের ছুটি কাটিয়ে ঢাকায় ফিরে মোহাম্মদপুরে বাসার ফটকের সামনে এসে ছিনতাইয়ের শিকার হয়েছেন দুই নারী।

শনিবার রাত ৩টার দিকের সেই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর পুলিশ বলছে, ছিনতাইকারী একজনকে তারা শনাক্ত করতে পেরেছেন।

মোহাম্মদপুর থানার পরিদর্শক রাকিবুজ্জামান রাকিব বলেন, “ওই দুই নারী ঠাকুরগাঁও থেকে বাসে করে এসে ঢাকার শ্যামলীতে নামেন। পরে রিকশায় করে মোহাম্মদপুরের নূরজাহান রোডের বাসার সামনে গেলে তারা ছিনতাইকারীদের কবলে পড়েন।”

ছিনতাইকারীরা অস্ত্রের মুখে দুই নারীর কাছে থাকা ব্যাগ ও লাগেজ নিয়ে গেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়া চলছে বলে পরিদর্শক রাকিবুজ্জামান রাকিব জানিয়েছেন।

তিনি বলেন, “এক ছিনতাইকারীকে শনাক্ত করতে পেরেছি। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, দুই নারী রিকশা থেকে বাসার সামনে এসে নামেন। বাসায় ঢুকার মুহূর্তে লুঙ্গি পরা এক যুবক চাপাতি হাতে তাদের দিকে এগিয়ে আসেন। তার পেছনে আসেন আরেক যুবক।

হাতে চাপাতি থাকা যুবক কিছু একটা বলে প্রথম রিকশাচালককে ধাক্কা দেন। পরে চাপাতির ভয় দেখিয়ে ব্যাগ, লাগেজ ও মোবাইল নিয়ে নেন তারা। নারীদের অলংকার ও মোবাইল ফোন নিতে তাদের তল্লাশি করতে দেখা গেছে।