Published : 08 Sep 2025, 07:02 PM
দুর্নীতির মামলায় আদালতে না এসে সিলেট কারাগার থেকে ভার্চুয়ালি হাজিরা দিতে চান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ইমরান আহমদ।
সোমবার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়ার আদালতে এ আবেদন করেন তিনি।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রসিকিউটর সুলতান মাহমুদ বলেন, “আসামির বয়স ৭৭ বছর। এ বিবেচনায় তার জন্য ভার্চুয়ালি হাজিরা চেয়ে আবেদন করা হয়। আমরা এ আবেদনে আপত্তি জানাইনি। আদালত এ বিষয়ে আদেশ দিবেন।'
এদিন শুনানির সময় ইমরান আহমদকে আদালতে হাজির করা হয়।
গত বছরের ২১ অক্টোবর রাতে ঢাকার বনানী থেকে ইমরান আহমদকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পরের দিন পল্টন থানায় মানবপাচার প্রতিরোধ আইনে করা একটি মামলায় রিমান্ডে নেওয়া হয় তাকে। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।
গ্রেপ্তারের নয় দিন পর গত বছরের ৩০ অক্টোবর দুদকের সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম বাদী হয়ে ইমরানের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেন।
এতে বলা হয়েছে, ইমরান আহমেদ জ্ঞাত আয়ের উৎসের সাথে অসম্পূর্ণভাবে ৯০ লাখ ৬৭ হাজার ৪৯৪ ৪২৭ টাকার সম্পদ অর্জন ও দখলে রেখেছেন। পাশাপাশি তিনি ও তার প্রতিষ্ঠানসমূহের নামে পরিচালিত ৫টি ব্যাংক হিসাবে ৬ কোটি ৪ লাখ ১৩ হাজার ৪৮৪ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন।