Published : 02 Aug 2026, 06:26 PM
রাজধানীর উত্তরখানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয় একটি পোশাক কারখানার কর্মীদের সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন।
রোববার সকালে উত্তরখানের রাজাবাড়ি এসটিএস (সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন) এলাকায় ওই ঘটনার পর স্থানীয় এমপি এস এম জাহাঙ্গীর হোসেন এবং ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান দুপুরে সেখানে গেলে তাদের ওপর হামলারও অভিযোগ উঠেছে।
পরে হামলাকারীদের কয়েকজনকে আটক করার কথা জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপ কমিশনার মির্জা তারেক আহমেদ।
ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মো. জাকির হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, এদিন সকালে উত্তর সিটির অঞ্চল-৮ এর অধীন ৪৬ নম্বর ওয়ার্ডের রাজাবাড়ি এসটিএস এলাকায় ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মীদের ওপর ‘হামলা’ করে নেপচুন এক্সেসরিজ নামের একটি পোশাক কারখানার লোকজন।
“হামলায় চারজন গুরুতর আহতসহ ১৫/২০ জন পরিচ্ছন্নতাকর্মী আহত হয় | গুরুতর আহত চারজনকে উত্তরার কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয়।”
সংঘর্ষের খবর পেয়ে দুপুরে সেখানে যান ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম ও ঢাকা- ১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর।
জাকির হোসেন বলছেন, তখন পরিচ্ছন্নকর্মীদের সঙ্গে পোশাক কারখানার মালিকপক্ষ পুনরায় ‘দুর্ব্যবহার’ করে |
“এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ডিএনসিসি প্রশাসক ও এমপি মহোদয়ের সামনে গার্মেন্টস মালিকপক্ষের ভাড়াটে সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়।
“হামলায় কয়েকজন আহত হন এবং পুলিশ মালিকপক্ষের একজনসহ তিন ভাড়াটে সন্ত্রাসীকে গ্রেপ্তার করে নিয়ে যায়। পরে পরিস্থিতি শান্ত হলে পুলিশ সদস্যরা অভিযান পরিচালনা করে।”
ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনার তারেক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুয়েকটা ইট-পাটকেল মারার ঘটনা ঘটেছে। এতে কয়েকজন পরিচ্ছন্নতাকর্মী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
কয়েকজনকে আটক করা হয়েছে জানিয়েছে আহমেদ বেগ বলেন, এই ঘটনায় সিটি করপোরেশনের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।
“মামলা হলে আটকদের গ্রেপ্তার দেখানো হবে।”
এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা জাকির হোসেন বলেন, আহত পরিচ্ছন্নতাকর্মীদের দেখতে পরে কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে যান এস এম জাহাঙ্গীর ও শফিকুল ইসলাম খান।
“এ সময় প্রশাসক জানান, ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
এ বিষয়ে নেপচুন এক্সেসরিজের মালিকপক্ষের বক্তব্য জানার চেষ্টা করছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।