১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সড়ক দুর্ঘটনা: ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে ইফাদ মটরসের বিরুদ্ধে রিট মামলা

‘অনুমোদনহীন’ দ্বিতল পরিবহনটি চলাচলের রুট পারমিট ও লাইসেন্স বাতিলের নির্দেশনাও চাওয়া হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2026, 05:27 PM

Updated : 26 Aug 2026, 03:32 PM

সড়ক দুর্ঘটনায় পাঁজরের হাড় ভেঙে যওয়ার ঘটনায় ইফাদ মটরস লিমিটেডের মালিকানাধীন দ্বিতল সেন্টমার্টিন পরিবহনের বিরুদ্ধে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট আবেদন করেছেন এক আইনজীবী। 

আবেদনে দুর্ঘটনায় পড়া ‘অনুমোদনহীন’ দ্বিতল পরিবহনটি চলাচলের রুট পারমিট ও লাইসেন্স বাতিলের নির্দেশনাও চাওয়া হয়েছে। 

রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক, হাইওয়ে পুলিশের প্রধান (অতিরিক্ত মহাপরিদর্শক), বাংলাদেশে রোড ট্রান্সপোর্ট অথরিটির চেয়ারম্যান, বাংলাদেশ স্লিপার এসি বাস ওনার্স এসোসিয়েশনের সেক্রেটারিকে রিটে বিবাদী করা হয়েছে। 

ওই দুর্ঘটনায় আহত সুপ্রিম কোর্টের আইনজীবী মো. বাহাউদ্দিন আল ইমরান রোববার হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন। 

অ্যাডভোকেট বাহাউদ্দিন আল ইমরান বলেন, রিট আবেদনে সারাদেশের সড়ক-মহাসড়কগুলোতে বাণিজ্যকভাবে চলাচলকারী যাত্রীবাহী পরিবহনগুলোকে গতিসীমার বাইরে অনিয়ন্ত্রিত চলাচল বন্ধে নির্দেশনা প্রদান, প্রতিটি পরিবহনে দৃশ্যমান স্থানে বাসের ফিটনেস, রেজিস্ট্রেশন, ট‍্যাক্স সংক্রান্ত কিউআর কোড স্থাপন, বারবার দুর্ঘটনার শিকার সড়ক-মহাসড়কের কাছাকাছি স্থানগুলোতে ফায়ার সার্ভিসের সদস‍্য, হাইওয়ে এবং স্থানীয় থানা পুলিশের সদস‍্যদের সমন্বয়ে একটি তাৎক্ষণিক উদ্ধারকারী টিম গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে। 

ওই দুর্ঘটনাকে কেন্দ্র করে ২০২৫ সালের ২২ অক্টোবর দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় ‘আরামের আড়ালে মারণফাঁদ’ শিরোনামে প্রকাশিত সংবাদ সংযুক্ত করা হয়েছে। 

বাহাউদ্দিন আল ইমরান জানিয়েছেন, ২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইফাদ মোটরসের মালিকানাধীন সেন্টমার্টিন পরিবহন (ঢাকা মেট্রো ব-১২-২৮৮১) রাত ২টা ৫ মিনিটের সময় কুমিল্লার চৌদ্দগ্রাম মিয়া বাজার থানাধীন পার্শ্ববর্তী জমিতে আঁছড়ে পড়ে। ওই দূর্ঘটনার পর পরিবহনের চালক-হেলপার পালিয়ে যায়। 

“ভয়ে যাত্রীরা চিৎকার করতে থাকলে পুলিশ ও যাত্রীদের সহায়তায় সবাই বাসটি থেকে বেরিয়ে আনা হয়। ওই দুর্ঘটনায় রিটকারী আইনজীবীর বাম পাশের পাঁজরের ৫টি হাড়ে ফ্র্যাকচারসহ মানসিক ও শারীরিক নানান জটিলতা দেখা দেয়।”

ফলে চিকিৎসকের পরামর্শে তাকে দীর্ঘদিন ধরে ঘরে থেকে পূর্ণ বিশ্রামে থাকতে হয়; এতে রিটকারী আর্থিক ক্ষতিরও সম্মুখীন হন বলে আবেদনে বলা হয়েছে। 

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তিনি বিবাদীদের প্রতি নোটিস পাঠান। নোটিসের নোটিশের জবাব না পেয়ে রিট দায়ের করেন।

আরও পড়ুন

কুমিল্লায় দুর্ঘটনা: বাসটি কীভাবে ‘দোতলা’ হল?

নিবন্ধন নিয়ে রাস্তায় স্লিপার-দোতলা বাস, বিআরটিএ বলছে ‘অবৈধ’