১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

এমটিএফই প্রতারণার ৪৪ কোটি টাকা ফেরত আনার তথ্য দিল সিআইডি

এমএলএম পদ্ধতিতে কাজ করা এ অনলাইন প্ল্যাটফর্মের প্রতারণার বিষয়টি সামনে আসে বছর চারেক আগে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2026, 01:17 AM

Updated : 26 Aug 2026, 03:16 PM

প্রতারণার মাধ্যমে অনলাইন ট্রেডিং প্ল্যাটফর্ম— মেটাভার্স ফরেন এক্সচেঞ্জের (এমটিএফই) পাচার করা অর্থের প্রায় ৪৪ কোটি টাকা ফেরত আনার কথা বলেছে পুলিশ।

রোববার রাতে এক বার্তায় এ তথ্য দিয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) বলেছে, সোমবার সংবাদ সম্মেলন করে তারা বিস্তারিত জানাবে।

রাতে সিআইডির বিশেষ পুলিশ সুপার (গণমাধ্যম) জসীম উদ্দীন খান বলেন, “পাচার হওয়া টাকার একটা অংশ ফেরত এসেছে। এ বিষয়ে সোমবার বিস্তারিত জানানো হবে।”

দুবাইভিত্তিক বলে পরিচয় দেওয়া এমএলএম পদ্ধতিতে কাজ করা এই অনলাইন প্ল্যাটফর্মের তৎপরতার বিষয়টি সামনে আসে বছর চারেক আগে। 

২০২৩ সালের দিকে এমটিএফইর তৎপরতা ছিল সবচেয়ে বেশি। সেই সময় দেশের বিভিন্ন জায়গায় তারা কার্যালয় খুলে লোকজনের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছিল বলে সংবাদ প্রকাশ হয়। 

রাজশাহী, কুমিল্লা, বরিশালসহ বিভিন্ন জায়গা থেকে লোকজনের নিঃস্ব হওয়ার খবর আসে। ওই বছরের মাঝামাঝি সময়ে প্রতিষ্ঠানটি থেকে আর টাকা তুলতে পারছিল না গ্রাহকরা। 

একপর্যায়ে সব অফিস বন্ধ করে দেশ থেকে উধাও হয়ে যায় তারা। এ বিষয়ে ওই বছরের অগাস্টে খিলগাঁও থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেন মারুফ রহমান মাহিম নামে এক ব্যক্তি। পরে সেই মামলার তদন্তভার পায় সিআইডি। 

দুই সপ্তাহ আগে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ‘গ্লোবাল ফ্রড সামিটে’ অংশ নিয়ে বাংলাদেশ থেকে নানা কায়দায় টাকা পাচারের বিষয়টি তুলে ধরেন স্বরাষ্টমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

ডিজিটাল স্ক্যাম, এমএলএম পঞ্জি স্কিম ও করপোরেট দুর্নীতির মতো প্রতারণামূলক কর্মকাণ্ডে ১৫ বছরে বাংলাদেশের আনুমানিক ২১ হাজার কোটি টাকার আর্থিক ক্ষতির তথ্যও সেখানে তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। 

সম্প্রতি এমটিএফই এবং বিভিন্ন বিতর্কিত ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে সাধারণ মানুষের শত শত কোটি টাকা হাতিয়ে নেওয়ার ঘটনাতেও স্বরাষ্ট্রমন্ত্রী গভীর উদ্বেগ প্রকাশ করেন বলে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আরো পড়ুন 

এমটিএফই প্রতারণা: কুমিল্লায় নিঃস্ব কয়েকশ যুবক

এমটিএফই প্রতারকদের সম্পর্কে তথ্য চায় সিআইডি

টাকা বানানোর 'ভার্চুয়াল মেশিনে' নিঃস্ব মানুষ, দেখবে কে?

গ্লোবাল ফ্রড সামিট: ১৫ বছরে ২১ হাজার কোটি টাকার ক্ষতির তথ্য দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী