মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
এর আগে তিনি কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী আবদুল রহমান আল-থানির সঙ্গে বৈঠক করেন।
জার্মানিতে শুরু হওয়া তিন দিনের মিউনিখ নিরাপত্তা সম্মেলনে (এমএসসি) যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার বিকালে হোটেল বায়েরিশার হফের সম্মেলন কক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে তিনি যোগ দেন বলে বাসস জানিয়েছে।
এ সময় তার সঙ্গে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ।
এর আগে শেখ হাসিনা কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী আবদুল রহমান আল-থানির সঙ্গে বৈঠক করেন।
এছাড়া সরকার প্রধানের সঙ্গে সাক্ষাৎ হয়েছে উইমেন পলিটিক্যাল লিডারসের (ডব্লিউপিএল) সভাপতি সিলভানা কোচ-মেহরিনের।
বৈঠকে অন্যদের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ছিলেন।
মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিন দিনের সফরে বৃহস্পতিবার জার্মানি যান।
মিউনিখের হোটেল বায়েরিশার হফে তিন দিনের এই সম্মেলন চলবে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এতে প্রায় ৬০টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, আন্তর্জাতিক সংস্থা, গণমাধ্যম, সরকারি ও বেসরকারি খাতের শীর্ষস্থানীয় প্রায় পাঁচশ প্রতিনিধি অংশ নিচ্ছেন।
দ্বাদশ সংসদ নির্বাচনে জিতে টানা চতুর্থ মেয়াদে সরকার গঠনের পর এটাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম বিদেশ সফর।
সফরের বিষয়ে বুধবার পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ জানান, শেখ হাসিনার সঙ্গে অন্তত সাত দেশ ও তিন আন্তর্জাতিক সংস্থার শীর্ষ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে।
জার্মানির চ্যান্সেলর ওলাফ শোলৎজ, নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুতে, ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটি ফ্রেডরিকসেন এবং ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন শেখ হাসিনা।
পাশাপাশি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন, জার্মানির আন্তর্জাতিক সহযোগিতা এবং উন্নয়ন বিষয়ক মন্ত্রী ভেনজা শুলজ, বিশ্বব্যাংকের সিনিয়র ব্যবস্থাপনা পরিচালক এক্সেল ভ্যান ট্রটসেনবার্গ এবং মেটার গ্লোবাল এফেয়ার্স প্রেসিডেন্ট স্যার নিক ক্লেগের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে।
জার্মান প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত একটি নাগরিক সংবর্ধনাতেও উপস্থিত থাকবেন সরকারপ্রধান। সফর শেষে সোমবার তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
