গীতিকার গোবিন্দ হালদারের পাশে প্রধানমন্ত্রী
কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন স্বাধীন বাংলা বেতারের গীতিকার ও সুরকার গোবিন্দ হালদারের চিকিৎসার ব্যয় বহন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী শনিবার সন্ধ্যায় টেলিফোনে গোবিন্দ হালদারের সঙ্গে কথা বলেছেন বলে প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব আশরাফুল আলম জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোবিন্দ হালদারের চিকিৎসাসহ সব ব্যয় প্রধানমন্ত্রী বহন করবেন বলে জানিয়েছেন।
বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে স্বাধীন বাংলা বেতারে সম্প্রচারিত গোবিন্দ হালদারের অনেক গান মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করত।
‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি’-কালজয়ী এই গানের স্রষ্টা গোবিন্দ হালদার।
‘এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা’, ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল, রক্ত লাল’, ‘পদ্মা মেঘনা যমুনা, তোমার আমার ঠিকানা’র মতো সাড়া জাগানো মুক্তিযুদ্ধের গানেরও রচয়িতা তিনি।
