১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বন্যা দুর্গতদের খাদ্য ও জরুরি সহায়তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ

প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে একটি দল শনিবার চট্টগ্রামে যাচ্ছে।

বন্যা দুর্গতদের খাদ্য ও জরুরি সহায়তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ
প্রধানমন্ত্রী তারেক রহমান ছুটির দিন শুক্রবার গুলশানের বাসায় বসে বন্যা পরিস্থিতির ওপর নজর রাখেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2026, 11:14 PM

Updated : 11 Sep 2026, 03:37 PM

সারাদেশে ভারি বর্ষণে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পর্যাপ্ত খাদ্য ও বিশুদ্ধ পানি পৌঁছানো এবং তাদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক।

শুক্রবার রাতে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য দিয়ে বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সার্বক্ষণিক বন্যা কবলিত এলাকার সর্বশেষ অবস্থা নজরে রাখছেন।”

“প্রধানমন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মন্ত্রী, সচিব এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গেও কথা বলছেন।”

চট্টগ্রাম বিভাগে রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত পাঁচ দিনের অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ১০ লাখের বেশি মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। পাহাড় ধসসহ এই দুর্যোগে শুক্রবার পর্যন্ত ৩২ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। 

আতিকুর রহমান রুমন বলেন, “বন্যা কবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য পর্যাপ্ত খাদ্য, বিশুদ্ধ পানি, চিকিৎসাসেবা এবং অন্যান্য জরুরি সহায়তা নিশ্চিত করার প্রয়োজনীয় নির্দেশনাও দিয়েছেন প্রধানমন্ত্রী।”

তিনি বলেন, বন্যা কবলিত এলাকায় নারী ও শিশু বিশেষ করে গর্ভবতী নারীদের প্রতি বিশেষ যত্নশীল থাকতে সরকারপ্রধান সংশ্লিষ্ট প্রশাসনকে নির্দেশ দিয়েছেন।

একই সঙ্গে দুর্যোগকালীন পরিস্থিতির সুযোগ নিয়ে যেন কোনো অসাধু চক্র চুরি-ডাকাতি বা অন্য কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াতে না পারে, সে দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকতে সংশ্লিষ্ট প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

দুর্গত মানুষের পাশে দাঁড়াতে দলীয় নেতাকর্মীদেরও তৎপর হতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনার কথা তুলে ধরে তিনি বলেন, “বন্যা কবলিত এলাকা থেকে দুর্গত মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে আনা, তাদের ত্রাণ, চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম সমন্বিত ও কার্যকরভাবে পরিচালনার জন্য মাঠ প্রশাসনকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন।”

অতিরিক্ত প্রেস সচিব বলেন. “শুক্রবার সকাল থেকে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান গুলশানের বাসা থেকে বন্যাকবলিত জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং সিভিল সার্জনদের সঙ্গে কথা বলে সার্বিক পরিস্থিতির খোঁজখবর নিচ্ছেন।

“সর্বক্ষণ বন্যা পরিস্থিতি নজরে রাখছেন প্রধানমন্ত্রী।”

অতিরিক্ত প্রেস সচিব জানান, বন্যাকবলিত জেলাগুলোতে উদ্ধার, পুনর্বাসন ও চিকিৎসাসহ সার্বিক কার্যক্রম সমন্বয়ের জন্য বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতকে দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রতিমন্ত্রীর নেতৃত্বে একটি দল শনিবার চট্টগ্রামে যাবে।