ট্রাইব্যুনাল ঘিরে নিরাপত্তা বলয়
দেলাওয়ার হোসাইন সাঈদীর মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণা উপলক্ষে ট্রাইব্যুনাল ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
হাইকোর্ট সংলগ্ন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রবেশ পথের রাস্তার চারদিকে ব্যারিকেড নিরাপত্তা বলয় গড়ে তুলেছে পুলিশ।
এছাড়া বৃহস্পতিবার সকাল থেকেই দোয়েল চত্বর, বঙ্গবাজার এলাকা, সচিবালয়ের প্রবেশপথ ও মৎস্যভবন সংলগ্ন রাস্তার দুইপাশেও পুলিশ ব্যারিকেড দিয়ে রেখেছে।
জামায়াতে ইসলামীর নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার রায় ঘোষণার পর জামায়াত-শিবির নেতাকর্মীরা যাতে কোনো ‘অপ্রীতিকর’ পরিস্থিতি তৈরি করতে না পারে সেজন্যই এ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে একাধিক পুলিশ সদস্য জানান।
ব্যারিকেড দেয়া রাস্তায় স্বল্প পরিমানে যান চলাচল করছে। ওই এলাকায় কিছুক্ষণ পরপরই পুলিশের গাড়ির সাইরেনের শব্দ শোনা যাচ্ছে।
হাইকোর্ট চত্বরে গাড়ি প্রবেশের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করা হয়েছে, গণমাধ্যমকর্মীদের গাড়িগুলোকেও ভেতরে ঢুকতে দেয়া হচ্ছে না। পরিচয়পত্র দেখে কেবল সাংবাদিকদের ট্রাইব্যুনালে যেতে দেয়া হচ্ছে।
ট্রাইব্যুনালের বিচারক, প্রসিকিউটর ও সাক্ষীদের নিরাপত্তার সংক্রান্ত কমিটির সভাপতি ও পুলিশ সদর দপ্তরের ডিআইজি (প্রশাসন) বিনয়কৃষ্ণ বালা বলেন, যে কোন ‘অপ্রীতিকর’ ঘটনা এড়াতে ট্রাইব্যুনালকে ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। সব ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য পুলিশ প্রস্তুত রয়েছে।
ট্রাইব্যুনালের মূল প্রবেশপথে দুই সারিতে দাঁড়িয়ে আছে পুলিশ। হাইকোর্ট চত্বরে মোতায়েন রয়েছে র্যাব সদস্য।
এছাড়াও সাদা পোশাকের গোয়েন্দারাও ঘোরাঘুরি করছেন।
