২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাহবাগের ‘যুদ্ধে’ আছেন প্রতুলও

যুদ্ধাপরাধীর ফাঁসি ও জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবিতে চলমান আন্দোলনে একাত্ম হয়েছেন জনপ্রিয় শিল্পী প্রতুল মুখোপাধ্যায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2013, 05:00 PM

Updated : 23 Aug 2022, 10:16 AM

তরুণ প্রজন্মের ডাকে শাহবাগে যে জাগরণের সৃষ্টি হয়েছে তাতে যুদ্ধ মুছে ফেলার প্রত্যয় অনুভব করেছেন এই শিল্পী। মুক্তমনের এই জাগরণে ধর্মের নামে নিপীড়ন, নির্যাতন দূর হওয়ার কথা উঠে এসেছে এই গণজাগরণ নিয়ে তার বাধা গানে।

আজীবন অসাম্প্রদায়িকতার বীজ বুনে চলা প্রতুলের কণ্ঠে তাই বেজে উঠেছে- “ধর্মের নামে নিপীড়ন আর ধর্মের নামে খুন, রুখতে দাঁড়ালো বাংলাদেশের তরুণী আর তরুণ/”

শাহবাগে এসে এই তরুণ-তরুণীর সঙ্গে কণ্ঠ মেলানোর আকুলতা থেকে তিনি বলেছেন, “শোক হয়ে ওঠে ঘৃণার আগুন পবিত্র শাহবাগে, তাদের সঙ্গে কণ্ঠ মেলাতে এখনও ইচ্ছে জাগে/”

তার এই গান মোবাইল ফোনে ছড়িয়ে পড়ে শাহবাগের প্রজন্ম চত্বরে। অনুপ্রাণিত হয় তারুণ্য। আর তিনি বলে ওঠেন ‘পেয়েছি খবর, তাদের সঙ্গে রয়েছে আমারও গান/ ধন্য হয়েছি এ সাঁঝবেলায় পেয়ে এই সম্মান/যুদ্ধকে মুছে ফেলার যুদ্ধে নিখিল বিশ্ব জুড়ে, তাদের সঙ্গে আমিও সামিল আমার গানের সুরে/”

এই সংগ্রামে যুদ্ধ আর হিংসা-হানাহানির অবসানে শান্তির সমাজ গড়ে উঠবে বলে মনে করেন প্রতুল মুখোপাধ্যায়।

ভালোবাসায় সিক্ত বাংলাকে দেখার আশাবাদ তাই প্রকাশ পেয়েছে ‘আমি বাংলার গান গাই’এর স্রষ্টার কণ্ঠে।

প্রতুল তাই বলেছেন- “যুদ্ধকে মুছে ফেলতে চাই, আমরা যুদ্ধে নেমেছি তাই/মন্ত্র করেছি ভালোবাসাই, আমরা ক্রুদ্ধ হয়েছি তাই?”

ডিঙ্গা ভাসাও সাগরে- গানের শিল্পী প্রতুল মুখোপাধ্যায়ের বাস পশ্চিমবঙ্গে হলেও এপার বাংলায়ও তিনি সমান জনপ্রিয়।

শাহবাগের গণজাগরণ নিয়ে তার লেখা এই গানটি সম্প্রতি শাহবাগ গণ আন্দোলন নামের একটি ফেইসবুক পৃষ্ঠায় পোস্ট করা হয়েছে।