২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাটারির নামে এল এলইডি টিভি

ব্যাটারি ও এর বিভিন্ন সরঞ্জাম আমদানির ঘোষণা দিয়ে পুরনো ফটোকপিয়ার মেশিন ও এলইডি টিভি আমদানি করেছে একটি প্রতিষ্ঠান।

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2013, 04:37 PM

Updated : 23 Aug 2022, 10:16 AM

বুধবার চট্টগ্রাম বন্দরের জে আর ইয়ার্ডে এক কন্টেইনার পণ্যের কায়িক পরীক্ষা শেষে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ এ অনিয়ম খুঁজে পান।

ঈশ্বরদী ইপিজেড এর রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান মেসার্স রহিম আফরোজ গ্লোবেট লিমিটেড নামের প্রতিষ্ঠানটি শুল্ক ফাঁকি দিতে মিথ্যা ঘোষণায় এসব পণ্য আমদানি করেছেন বলে কাস্টমস কর্মকর্তারা জানিয়েছেন।

চট্টগ্রাম কাস্টমস হাউজের যুগ্ম কমিশনার মাহমুদুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রতিষ্ঠানটি একটি ৪০ ফুট দৈর্ঘ্যের কন্টেইনারে করে ২৪ হাজার কেজি রিফাইন্ড লেড ও এমটি ব্যাটারি বক্স আনার ঘোষণা দেয়।

তার পরিবর্তে কন্টেইনারের কায়িক পরীক্ষা শেষে আমদানি নিষিদ্ধ ১৭০টি পুরনো ফটোকপিয়ার মেশিন, তিনটি ৩২ ইঞ্চি এলইডি টিভি, ১০০ লিটারের ২ টিন সয়াবিন তেল এবং ৩০ কেজি ডিটারজেন্ট পাউডার পাওয়া যায়।

কাস্টমস কর্মকর্তা মাহমুদ জানান, আটক করা কন্টেইনারের পণ্য চালানের আনুমানিক মূল্য প্রায় ৭০ লাখ টাকা। প্রযোজ্য শুল্ক করের পরিমাণ প্রায় ৩৫ লাখ টাকা।

অর্থাৎ, এর মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি প্রায় ৩৫ লাখ টাকার শুল্ক ফাঁকি দেয়ার চেষ্টা করেছে।

ইপিজেডভুক্ত রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানের আমদানিকৃত পণ্য শুল্ক মুক্তভাবে খালাস হয়ে থাকে।

কাস্টমস কর্মকর্তারা জানান, এসব পণ্য আমদানির সিঅ্যান্ডএফ এজেন্ট হল চট্টগ্রাম নগরীর স্ট্র্যান্ড রোডের সি শিপিং এসোসিয়েটস।