রাত জেগে থেকে সকালে মিছিল প্রজন্ম চত্বরে
যুদ্ধাপরাধের অভিযুক্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার রায়ের আগে থেকে শাহবাগে নিরবচ্ছিন্ন অবস্থান কর্মসূচি চলবে বলে জানিয়েছে গণজাগরণ মঞ্চ।
বুধবার রাতভর অবস্থানের পর সাঈদীর মুক্তি দাবিতে বৃহস্পতিবার হরতাল প্রতিহতে সকাল ৯টায় শাহবাগ থেকে মিছিলের কর্মসূচিও দেয়া হয়েছে।
বুধবার মতিঝিলে সমাবেশ থেকে রায়ের দিনের কর্মসূচি ঘোষণা করে মিছিলে সবাইকে অবস্থান নেয়ার আহ্বান জানান গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।
যুদ্ধাপরাধী আব্দুল কাদের মোল্লার যাবজ্জীবন সাজার রায় প্রত্যাখ্যান করে গত ৫ ফেব্রুয়ারি শাহবাগে অবস্থান কর্মসূচি শুরু হয়, যা এখন প্রজন্ম চত্বর নামে পরিচিত।
কাদের মোল্লার সাজা বাড়াতে আপিল এবং যুদ্ধাপরাধী দলের বিচারের সুযোগ সৃষ্টি করে আইন সংশোধনের পর শাহবাগে টানা অবস্থানে ইতি টেনেছিল গণজাগরণ মঞ্চ। তবে সেখানে গণস্বাক্ষর কর্মসূচি ও প্রতিবাদী গান চলছিল।
যুদ্ধাপরাধের মামলায় জামায়াতে ইসলামী নেতা কাদের মোল্লার ফাঁসির দাবিতে রোববার রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করে আন্দোলনকারীরা।
“আমরা আজ সারারাত প্রজন্ম চত্বরে অবস্থান করব। আমরা আগামীকাল ফাঁসির রায় নিয়েই বাড়ি ফিরব।”
পুরনো হাই কোর্ট ভবনে স্থাপিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সকালে সাঈদীর মামলার রায় হবে।
ওই সময় সকাল ১০টায় শাহবাগ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হবে, যা দৈনিক বাংলা পর্যন্ত যাওয়ার কথা রয়েছে।
ইমরান বলেন, “সকালে প্রজন্ম চত্বর থেকে সকাল ৯টায় বিক্ষোভ মিছিল বের হবে। আপনারা সবাই এ মিছিলে যোগ দেবেন।”
কাদের মোল্লার রায়ের দিনও হরতাল দিয়েছিল জামায়াত-শিবির এবং ওই দিন বিভিন্ন স্থানে হামলা ও ভাংচুর চালায় তারা।
যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে আন্দোলন চালিয়ে আসা গণজাগরণ মঞ্চের নেতারা বলেন, তারা আদালতের ওপর কোনো চাপ সৃষ্টি করতে চান না। তবে গণমানুষের অনুভূতি যেন আদালত গোচরে আনেন, তা চান তারা।
ইমরান বলেন, “আমরা ট্রাইব্যুনালকে বলতে চাই আমরা আপনাদের ওপর কোনো ধরনের শক্তি বা চাপ প্রয়োগ করিনি। আপনারা নিরপেক্ষভাবে কাজ করে যান। জামায়াত-শিবিরের সন্ত্রাস নৈরাজ্যে ভয় পাবেন না।”
“আপনারা গণদাবিকে সমর্থন করুন। বিভ্রান্ত হবেন না, ভয় পাবেন না,” বলেন তিনি।
গণদাবির প্রতি সম্মান জানাতে আদালতের প্রতি আহ্বান জানিয়ে গণজাগরণ মঞ্চের মুখপাত্র বলেন, “শত শত মানুষকে হত্যা করার জন্য কারো যাবজ্জীবন সাজা হতে পারে না। তাই ফাঁসির দাবি।
মতিঝিলে বুধবার গণজাগরণ মঞ্চের সমাবেশে ইমরান এইচ সরকার।
স্বাধীনতাবিরোধীদের নামে কোনো প্রতিষ্ঠান, রাস্তা কিংবা স্কুল-কলেজের নাম থাকলে তা ‘গুঁড়িয়ে’ দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান ইমরান।
ইতিহাস ‘বিকৃতকারী’ ও স্বাধীনতাবিরোধীরা যেন সংসদে প্রতিনিধিত্ব করতে না পারে, সেই জন্য আইন সংস্কারের দাবিও তোলেন তিনি।
“রাজাকারদের তিন ফুরিয়েছে। আপনারা (সরকার) এমন আইন করুন, যেন কোনো রাজাকার সংসদে প্রবেশ করতে না পারে এবং সংসদে কেউ মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতভাবে উপস্থাপন করলে যেন তার সদস্যপদ বাতিল হয়ে যায়।”
