রংপুর, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আহমদিয়া স¤প্রদায়ের একটি মসজিদ নির্মাণকে কেন্দ্র করে রংপুরের তারাগঞ্জ উপজেলায় গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের বামনদিঘী গ্রামে এ ঘটনার সময় প্রতিপক্ষের একটি বাড়িতে আগুন দেয়া হয়। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
বামনদিঘী গ্রামে আহমদিয়া স¤প্রদায়ের কিছু লোক বসবাস করে। দীর্ঘদিন ধরে তারা সেখানে নির্মিত একটি মাদ্রাসায় নামাজ পড়ে আসছিল। কিছুদিন আগে আহমদিয়ারা সেখানে একটি মসজিদ নির্মাণের উদ্যোগ নিলে গ্রামের অন্যান্য মুসলমানদের সঙ্গে তাদের সংঘর্ষ হয় বলে জানান হাড়িয়ারকুটি ইউপি চেয়ারম্যান কুমারেশ রায়।
“পরে উপজেলা প্রশাসন ৫ নভেম্বর পর্যন্ত নির্মাণ কাজ বন্ধের নির্দেশ দেয়। কিন্তু এ বিষয়ে কোনো সমঝোতা না হওয়ায় উপজেলা প্রশাসন গত মঙ্গলবার আবার সমঝোতা বৈঠক ডাকেন আগামী ২৬ নভেম্বর।”
বুধবার দুপুরে মসজিদ নির্মাণের কাজ পুনরায় শুরু হলে এলাকার শত শত লোক দলবদ্ধ হয়ে সেখানে হামলা চালায় বলে জানান ইউপি চেয়ারম্যান।
মসজিদ সংলগ্ন বাড়ির মালিক আক্কাস আলী অভিযোগ করেন, এ সময় প্রতিপক্ষরা তার বাড়িতে লুটপাট করে ও আগুন লাগিয়ে দেয়।
তারাগঞ্জ থানার ওসি মোস্তাফিজার রহমান সাংবাদিকদের জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। দুইপক্ষের প্রায় ১০ জনের মতো আহত হয়েছে। একটি বাড়িতে আগুন দেয়া হয়। এলাকায় দুইপক্ষই অবস্থান করছে। সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ ফরহাদ হোসেন জানান, উভয়পক্ষকের মধ্যে একটি সমঝোতার বিষয়ে দায়িত্ব নিয়েছিলেন ইউপি চেয়ারম্যান। তিনি সেটা করতে পারেননি। আগামী ২৬ নভেম্বর এ নিয়ে আবারও বৈঠক ডাকা হয়েছে।
তার আগেই মসজিদ নির্মাণের কাজ শুরু করায় এই অপ্রীতিকর ঘটনা ঘটে বলে জানান ইউএনও।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২২০০ ঘ.
bdnews24