ঢাবি খেলার মাঠ থেকে নির্মাণ সামগ্রী সরানোর নির্দেশ
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে থাকা নির্মাণ সামগ্রী ৪৮ ঘণ্টার মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
26 Sep 2012, 10:37 AM
Updated :
24 Aug 2022, 12:12 PM
ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে থাকা নির্মাণ সামগ্রী ৪৮ ঘণ্টার মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের একটি রিট আবেদনে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি কাজী রেজা-উল হকের অবকাশকালীন হাই কোর্ট বেঞ্চ বুধবার এই আদেশ দেয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এবং শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।
ওই মাঠে শিক্ষার্থীদের খেলাধুলার অধিকার নিশ্চিত করার কথাও বলা হয়েছে আদেশে।
‘আইন অনুসারে’ কেন্দ্রীয় খেলার মাঠের বৈশিষ্ট্য সংরক্ষণ এবং অক্ষুণœ রাখতে বিবাদীদের কেন নির্দেশনা দেওয়া হবে না- তা জানতে চেয়ে একটি রুলও জারি করেছে আদালত।
পরিবেশ সচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এবং শাহবাগ থানার ওসিকে চার সপ্তাহের মধ্যে এর জবাব দিতে হবে।
‘ঢাবিতে মাঠ থাকলেও খেলার সুযোগ পাচ্ছেন না শিক্ষার্থীরা’ শিরোনামে দৈনিক ইনকিলাবে প্রকাশিত একটি প্রতিবেদন যুক্ত করে হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশ সকালে ওই রিট আবেদন করে।
আদালতে রিটকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ।
ওই প্রতিবেদনে বলা হয়, তমা ও মল্লিক কনস্ট্রাকশন নামের দুটি নির্মাণ কোম্পানি দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ‘অসাধু বাণিজ্য’ চালিয়ে যাচ্ছে।
শিক্ষার্থীদের অনুরোধ ও বার বার নিষেধ সত্ত্বেও কোনো এক অলৌকিক কারণে তাদের এই ‘অবৈধ বাণিজ্য’ বন্ধ হচ্ছে না বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/১৬৩০ ঘ.