ঢাকা, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়তে যুদ্ধাপরাধীদের বিচার ‘অপরিহার্য’ উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একাত্তরের মানবতাবিরোধীরা যেখানেই থাকুক, তাদের বিচারের আওতায় আনা হবে।
শুক্রবার বাংলা একাডেমীর চৌত্রিশতম বার্ষিক সাধারণ সভা ও ফেলোশিপ প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এ অনুষ্ঠানের মধ্য দিয়ে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. অমর্ত্য সেন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মানসূচক ফেলোশিপ দেয় বাংলা একাডেমী।
প্রধানমন্ত্রী তার বক্তৃতায় বাংলা একাডেমীকে ‘জাতির সব আন্দোলন সংগ্রামে প্রেরণার উৎস’ অভিহিত করে বলেন, “বিশ্বে আমরাই একমাত্র জাতি, যারা মায়ের ভাষায় কথা বলার অধিকার প্রতিষ্ঠা করতে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে।”
“আমি কেবল একটি লক্ষ্যে দেশের জন্য কাজ করছি, তা হলো- জাতির স্বপ্ন পূরণ, যে জন্য লাখ লাখ মানুষ ও জাতির জনক ত্যাগ স্বীকার করেছেন”, যোগ করেন তিনি।
প্রধানমন্ত্রী জানান, বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে অন্তর্ভুক্ত করতে তার সরকার জোর চেষ্টা চালাচ্ছে।
এ বিষয়ে বিশ্বের বিভিন্ন স্থানে অবস্থানরত বাঙালীদের সহায়তা প্রত্যাশা করেন তিনি।
বাংলাকে একটি ‘সমৃদ্ধ’ ভাষা হিসেবে উল্লেখ করে অমর্ত্য সেন অনুষ্ঠানে বলেন, অন্য ভাষা থেকে শব্দ, ধ্বনি ও প্রকাশভঙ্গি গ্রহণে এর ক্ষমতা প্রশংসনীয়।
শিক্ষা, বুদ্ধিবৃত্তির চর্চা, ভাষা ও সংস্কৃতি এবং জ্ঞান-বিজ্ঞানের নানা ক্ষেত্রে বাংলাদেশ দ্রুত অগ্রগতি অর্জন করছে উল্লেখ করে তিনি বলেন, “নারীর অগ্রগতিতে এদেশের সাফল্য অসাধারণ।”
ফেলোশিপ গ্রহণ করে প্রধানমন্ত্রী বাংলা একাডেমী কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, “আমি মনে করি, আমি একজন সাধারণ বাঙালী নারী। আমি এই বিরল সম্মান লাভের কথা কখনোই ভাবিনি।”
বাংলা ভাষার ব্যাকরণ রচনার ‘ঐতিহাসিক’ দায়িত্ব পালনের জন্য বাংলাদেশের বাংলা একাডেমী, কলকাতার বাংলা আকাদেমি ও দুই দেশের বিশেষজ্ঞদেরও ধন্যবাদ জানান তিনি।
“বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, রামেন্দ্রসুন্দর ত্রিবেদী, হরপ্রসাদ শাস্ত্রী, দীনেশ চন্দ্র সেন ১৯০১ সালে খাঁটি বাংলা ভাষার ব্যাকরণ রচনার উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু গত ১১০ বছরেও তা সম্ভব হয়নি। বিশ্বকবির আরাধ্য সেই কাজ বাংলা একাডেমী বিগত আড়াই বছরে সম্পন্ন করেছে। এটা আমাদের জন্য অত্যন্ত গৌরবের।”
অন্যদের মধ্যে বাংলা একাডেমীর পরিচালক শামসুজ্জামান খান অনুষ্ঠানে বক্তৃতা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১৮২৪ ঘ.
bdnews24