ঢাকা উত্তরে জলাবদ্ধতা আর থাকবে না: মেয়র আতিক
ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় কোন কোন এলাকায় জলাবদ্ধতা হয়, তার তালিকা করে কাজ শুরুর কথা জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম।
সোমবার উত্তরায় নর্দমা উন্নয়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের কোনো এলাকায় আর জলাবদ্ধতা থাকবে না।
মেয়র আতিক বলেন, যেসব এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়, সেসব এলাকার একটি তালিকা তৈরি করেছে ডিএনসিসি।
“ডিএনসিসির আওতাধীন যেসব এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়, তার তালিকা তৈরি করা হয়েছে। এসব এলাকায় পর্যায়ক্রমে জলাবদ্ধতা দূর করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
মেয়র আতিক বলেন, “এর ফলে ৪ নং সেক্টরের বিভিন্ন সড়কের এবং ঢাকা-ময়মনসিংহ সড়কের পূর্ব পাশের জলাবদ্ধতা দূর হবে।”
নির্ধারিত সময়ের মধ্যে কাজটি শেষ করতে ঠিকাদারদের নির্দেশ দেন আতিক।
নির্মাণকাজ চলাকালে ভোগান্তি মেনে নিয়ে কাজটি শেষ হওয়া পর্যন্ত সহযোগিতা করতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি।
মেয়র আতিক জানান, আগামী ২০ সেপ্টেম্বর থেকে ডিএনসিসির প্রতিটি ওয়ার্ডে সড়ক ও ফুটপাত দখলমুক্ত করার জন্য অভিযান পরিচালনা করা হবে।
নর্দমা উন্নয়ন কাজের উদ্বোধন অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুল হাই, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সাঈদ আহমেদ, অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও প্রকল্প পরিচালক মো. শরীফ উদ্দিন, কাউন্সিলর মো. আফসার উদ্দিন খান উপস্থিত ছিলেন।
