২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

যুক্তরাষ্ট্রের সহযোগিতার আশ্বাসে ‘ষড়যন্ত্রের’ শঙ্কায় সিপিবি-বাসদ

জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ে যুক্তরাষ্ট্রের সহযোগিতার আশ্বাসকে ‘ষড়যন্ত্রমূলক’ মনে করছে বামপন্থি জোট বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2016, 10:50 PM

Updated : 20 Aug 2022, 01:10 PM

তালেবান, আল কায়দা ও আইএসের মতো জঙ্গিগোষ্ঠীগুলো ‘যুক্তরাষ্ট্রের মদদে’ গড়ে উঠেছে এবং লালিত পালিত হচ্ছে বলেও সোমবার এক যৌথ বিবৃতিতে অভিযোগ করেন সিপিবি-বাসদের নেতারা।

বিবৃতিতে সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও বাসদ সম্পাদক খালেকুজ্জামান বলেন, “তালেবান, আল কায়দা, আইএস ইত্যাদি এ ধরনের প্রতিটি শক্তিই মার্কিন সাম্রাজ্যবাদের মদদে গড়ে উঠেছে এবং লালিত পালিত হচ্ছে।

“সেই মদদদাতা শক্তির সহায়তা নিয়ে সন্ত্রাস ও সহিংস চরমপন্থা দমন করা যাবে- এ কথা মোটেও বিশ্বাসযোগ্য নয়। বরং তা মার্কিন বিশেষজ্ঞ সহায়তার নামে এ দেশে মার্কিন ষড়যন্ত্র আরো দৃঢ়মূল করার সুযোগ সৃষ্টি করবে।”

ঢাকার গুলশানে হলি আর্টিজান বেকারি ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলার পর বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্র মন্ত্রী নিশা দেশাই বিসওয়াল সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে বৈঠক করে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

আগের দিন রোববার পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী ও পররাষ্ট্র সচিব মো. শহীদুল হকের সঙ্গে বৈঠকে সন্ত্রাসবিরোধী লড়াইয়ে বাংলাদেশকে সহযোগীতার প্রস্তাব দেন তিনি।

অবশ্য স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানিয়েছেন, বাংলাদেশের কি ধরনের সহযোগিতা প্রয়োজন তা অ্যাসেস করার পরই যুক্তরাষ্ট্রের কাছে সহযোগিতা চাওয়া হবে।

সাম্প্রদায়িক সন্ত্রাস মোকাবেলায় দেশবাসীকে ঐক্যবদ্ধ করে জনগণের পক্ষ থেকে প্রতিরোধ গড়ে তোলার পরামর্শ দিয়ে একাজে ‘বিদেশি শক্তিকে ডেকে’ না আনার কথা বলছেন সিপিবি-বাসদ নেতারা।

বিবৃতিতে বলা হয়, “সাম্প্রদায়িক সন্ত্রাস মোকাবেলার গ্যারান্টি হল ১৬ কোটি জনগণের পক্ষ থেকে প্রতিরোধ গড়ে তোলা। সে পথে অগ্রসর হতে হলে জাতিকে ঐক্যবদ্ধ করা প্রয়োজন।

“সেই পথে না গিয়ে মার্কিন সাম্রাজ্যবাদ সহ বিদেশি শক্তিকে ডেকে আনা হলে দেশ ভূ-রাজনৈতিক ষড়যন্ত্রের খেলায় আটকে যাবে।”