২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা আলিয়া মাদ্রাসায় ছাত্রলীগের সংঘর্ষে আহত ৮

পুরান ঢাকার আলিয়া মাদ্রাসার ছাত্রাবাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আট জন আহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2015, 01:15 AM

Updated : 22 Aug 2022, 01:15 PM

বৃহস্পতিবার সন্ধ্যার এই মারামারিতে আহতরা হলেন- ফেরদৌস, আমিরুল, রাকিব, লিমন, নুরুল ইসলাম শাহীন, হাসান মাহমুদ, আহমেদ বুলবুল ও বাবু।

আহত ফেরদৌস ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের বলেন, ছাত্রলীগের সাবেক নেতা সোলায়মানের সমর্থকরা রাম-দা, লাঠি নিয়ে আল্লামা কাশগরি হোস্টেলে গিয়ে তাদের উপর হামলা চালায়।

আহত সবাই আলিয়া মাদ্রাসা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহাদাতের অনুসারী।

ডিএমপির চকবাজার জোনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার আর এম ফয়জুর রহমান বলেন, “নিজেদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই সংঘর্ষ হয়েছে।”

পুলিশ ছাত্রাবাসে অভিযান চালিয়ে বিভিন্ন কক্ষ থেকে কয়েকটি রামদা, হকি স্টিক ও ক্রিকেট খেলার স্ট্যাম্প উদ্ধার করেছে বলে জানান তিনি।

এ বিষয়ে ঢাকা মহানগর ছাত্রলীগের দক্ষিণের সাধারণ সম্পাদক সাব্বির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুই গ্রুপকে শুক্রবার কেন্দ্রীয় কার্যালয়ে আসতে বলা হয়েছে। দোষীদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।”