১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

মৈনট ঘাটে বুয়েট শিক্ষার্থীর মৃত্যু: হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন জমা দিতে না পারায় ২৮ সেপ্টেম্বর নতুন তারিখ দিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

Published : 05 Sep 2022, 09:37 PM

Updated : 05 Sep 2022, 09:37 PM

ঢাকার দোহারের মৈনট ঘাটে বুয়েট শিক্ষার্থী তারিকুজ্জামান সানির মরদেহ উদ্ধারের ঘটনায় করা হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন জমার তারিখ পিছিয়েছে আদালত।

সোমবার ঢাকার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আগামী ২৮ সেপ্টেম্বর প্রতিবেদন দাখিলের নতুন দিন ঠিক করেছেন।

এদিন মামলায় তদন্ত প্রতিবেদন জমার তারিখ ছিল। তবে মামলার তদন্ত কর্মকর্তা কুতুবপুর নৌ-পুলিশ ফাঁড়ির এসআই (নিরস্ত্র) শামছুল আলম প্রতিবেদন দাখিল করতে পারেননি।

আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী আনোয়ারুল কবীর বাবুল জানান, সে কারণে বিচারক মারুফ চৌধুরী তারিখ পিছিয়ে দিয়েছেন। এদিন মামলার ১৫ আসামিকে আদালতে হাজির করা হয়।

আসামিরা হলেন- শরীফুল হোসেন, শাকিল আহম্মেদ, সেজান আহম্মেদ, রুবেল, সজীব, নুরজামান, নাসির, মারুফ, আশরাফুল আলম, জাহাঙ্গীর হোসেন লিটন, নোমান, জাহিদ, এ টি এম শাহরিয়ার মোমিন, মারুফুল হক মারুফ ও রোকনুজ্জামান ওরফে জিতু। তারা সবাই কারাগারে আছেন।

গত ১৪ জুলাই বিকালে পর্যটন কেন্দ্র মৈনট ঘাটে ১৫ বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে নিখোঁজ হন তারিকুজ্জামান সানি। বুয়েটের স্থাপত্য বিভাগের পঞ্চম সেশনের ছাত্র সানির বাবার নাম হারুন অর রশিদ। বাড়ি রাজধানীর হাজারীবাগে।

ঘটনার দিন ঢাকা থেকে ১৬ জনের একটি দল আটটি মোটরসাইকেলে মৈনট ঘাটে ঘুরতে যায়। রাতে ঘাটের তীরে পদ্মা নদীতে পড়ে নিখোঁজ হয় সানি। এ সময় তার বন্ধুরা উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে ৯৯৯-এ কল দিয়ে পুলিশ ডাকে।

পুলিশ এসে ফায়ার সার্ভিসকে খবর দেয়। প্রায় ১৫ ঘণ্টা পর শুক্রবার সকালে ঘটনাস্থলের পাশ থেকে সানির মরদেহ উদ্ধার করা হয়।

আরও খবর

পুরানো খবর:

মৈনট ঘাটে বুয়েট শিক্ষার্থীর মৃত্যু: রিমান্ড শেষে ১৫ বন্ধু কারাগারে

পুরানো খবর:

মৈনট ঘাটে ডুবে নিখোঁজ বুয়েট শিক্ষার্থীর লাশ উদ্ধার