Published : 26 Jun 2025, 04:49 PM
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের লোগো ব্যবহার করে প্রায় একই রকম দেখতে নকল ওয়েবসাইট বানিয়ে সেখানে খোদ প্রধান উপদেষ্টাকে জড়িয়ে ভুয়া প্রতিবেদন প্রচার করা হচ্ছে।
একই সঙ্গে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের লোগো ব্যবহার করে একটি ফেইক ভিডিও ছড়ানো হচ্ছে ফেইসবুকে, যেখানে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসর মুখ দিয়ে বলানো হচ্ছে, বাংলাদেশ সরকার নতুন একটি বিনিয়োগ প্ল্যাটফর্ম চালু করেছে, যেখানে ন্যূনতম ৩১ হাজার টাকা বিনিয়োগ করলে প্রতি সপ্তাহে ৩ লাখ ৭০ হাজার টাকা পর্যন্ত আয় করা সম্ভব!
আর্থিক খাতের এই জালিয়াতরা এর আগেও একই ধরনের ভুয়া খবর ছড়িয়েছে। সেসব ঘটনাতেও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের লোগো ব্যবহার করে প্রায় একই রকম দেখতে নকল ওয়েবসাইট বানিয়েছে তারা, ব্যবহার করা হয়েছে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের নাম।
প্রধান উপদেষ্টাকে জড়িয়ে বানানো নতুন ওই ভুয়া ভিডিও ২৪ জুন থেকে ফেইসবুকে স্পন্সরড পোস্ট হিসেবে ছড়ানো শুরু হয়। এ কাজে ব্যবহার করা হচ্ছে বেশ কয়েকটি আইডি।
ভিডিওটি দেখলে বোঝা যায়, গত এপ্রিলে আল জাজিরাকে যে সাক্ষাৎকার প্রধান উপদেষ্টা দিয়েছিলেন, সেটি ব্যবহার করে এই ভুয়া ভিডিও বানানো হয়েছে।



ভিডিওর ওপরে ব্যবহার করা হয়েছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ভুয়া ও সঠিক দুই রকমের লোগো। শিরোনামেই সরকারের নামে ভুয়া ওই বিনিয়োগ তহবিলের প্রলোভন দেখানো হয়েছে। অর্থ উপদেষ্টা শিগগিরই এ বিষয়ে একটি সংবাদ সম্মেলন করবেন– এমন কথাও সেখানে বলা হয়েছে, যা সঠিক নয়।
ভিডিওতে প্রধান উপদেষ্টা এবং আল জাজিরার উপস্থাপকের কণ্ঠ নকল করে নিজেদের ভুয়া বক্তব্য বসিয়ে দিয়েছে স্ক্যামাররা। সেখানে তাদের ওই ভুয়া বিনিয়োগ তহবিল নিয়ে আলোচনা করতে শোনা যায়। কাজটি ‘এআই ব্যবহার করে’ করা হয়েছে বলে একজন ফেইসবুক ব্যবহারকারী সবাইকে সতর্ক করেছেন। এ ধরনের ফাঁদে পা না দিতেও সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
অন্তত তিনটি ফেইসবুক পেইজ থেকে ওই ভুয়া ভিডিও শেয়ার করার প্রমাণ পেয়েছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। বিভিন্ন সময়ে চালু করা ghaith_ghourabi, Kiss Me, Medicshare নামের এসব পেইজ মূলত বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনের কাজে ব্যবহৃত হয়েছে। তবে সেই ফেইসবুক পেইজটিতে প্রবেশ করলে সেই ভিডিও আর দেখা যাচ্ছে না।



ওই ভিডিও পোস্ট করা হয়েছে যে লিংক থেকে, তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মত বানানো একটি ওয়েব পেইজে নিয়ে যায়। ওই পেইজের ইউআরএলে (ইউনিফর্ম রিসোর্স লোকেটর) লেখা রয়েছে ‘ডিসকাউন্টকেয়ারসার্ভিসেস ডটকম’ (discountcareservices.com)।
তবে discountcareservices.com ওয়েব সাইটে ঢুকতে চাইলে 404 Not Found নোটিস আসে।
শেয়ার করা ভুয়া প্রতিবেদনটি লেখা হয়েছে ইংরেজিতে। যার শিরোনাম ‘Muhammad Yunus's new project has already made more than 10000 Bangladeshis happy! The platform promises a guaranteed income of 1200000 BDT per week with minimum investments. Is this really true?’
ওয়েবসাইটের উপরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মাস্টহেড ব্যবহার করা হলেও অন্যান্য নকশার অসামঞ্জস্য ধরা পড়ে সহজেই। টিকারে যেসব সংবাদের শিরোনাম দেখানো হচ্ছে, তাতে বোঝা যায় জালিয়াতির কাজটি করা হয়েছে মে মাসে।

1. bdnews24.com লোগো ব্যবহার করা হলেও ইউআরএলে দেখাচ্ছে discountcareservices.com
2.তারিখ দেখানো হয়েছে ২৬ মে।
3.ওয়েবসাইটের উপরে ক্যাটাগরি ট্যাব আর লোগো বসানোর নকশা অসামঞ্জস্যপূর্ণ
4.বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের স্টোরি পেইজে টিকার বা স্ক্রল নেই। কিন্তু ভুয়া সাইটে সেটাও বসিয়ে দেওয়া হয়েছে।
5. প্রতিবেদনে বলা হচ্ছে প্রধান উপদেষ্টা ইউনূস ফরটুইক্স এজেন্ট নামের কথিত এক ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম চালু করেছেন, যার কোনো সত্যতা নেই।
ভুয়া ওই প্রতিবেদনে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নাম ব্যবহার করে ফরটুইক্স এজেন্ট নামের কথিত এক বিনিয়োগ প্ল্যাটফর্মের ভুয়া প্রচার চালানো হয়েছে। বলা হয়েছে, পিডিবি, জিটিসিএল, বিএসআরএম এবং ডিবিবিএল এর সঙ্গে যুক্ত।
এমনকি অর্থ মন্ত্রণালয়ের একটি ভুয়া সার্কুলারের ছবি দিয়ে সবাইকে অন্তত ৩১ হাজার টাকা বিনিয়োগ করতে বলা হচ্ছে। প্রলোভন দেখানো হচ্ছে, ওই ৩১ হাজার টাকা অল্প সময়ের মধ্যে লাখ টাকা হয়ে ফেরত আসবে।
এই ভুয়া ওইসাইটে বিনিয়োগের জন্য রেজিস্ট্রেশন করতে যে লিংক দেওয়া হয়েছে, সেখানে ক্লিক করলে নিয়ে যাওয়া হচ্ছে FortuixAgent নামের আরেক ওয়েবসাইটে, সেখানেও ইউআরএলে দেখাচ্ছে discountcareservices.com। প্রতিদিন ৯৫ হাজার থেকে ২ লাখ ১৫ হাজার টাকা আয়ের প্রলোভন দেখানো হচ্ছে সেখানে।
এই উদ্যোগের প্রচার চালানোর জন্য সেখানে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের পাশাপাশি নতুন রাজনৈতিক দল এনসিপির নেতা নাহিদ ইসলামের ছবি ব্যবহার করা হয়েছে।
গুগলে FortuixAgent লিখে সার্চ করলে https://fortuixagent.net/ নামে একটি ওয়েবসাইট মেলে যেখানে ঢুকতে গেলে অ্যান্টিভাইরাস সফটওয়্যার আটকে দেয়।


FortuixAgent মত হুবুহু দেখতে আরেক ট্রেডিং প্ল্যাটফর্ম ‘নেদারেক্স প্রো’ এর আগে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মত সাইট বানিয়ে অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদসহ কয়েকজনকে জড়িয়ে ভুয়া খবর প্রচার করে।
ডোমেইন সংক্রান্ত তথ্যের ওয়েবসাইট ‘হু ডট ইজ’ বলছে, discountcareservices.com।ওয়েবসাইটের ডোমেইন নামটি ‘নেইমসিলো এলএলসি’ (NameSilo) নামের একটি কোম্পানির মাধ্যমে রেজিস্ট্রেশন করা।
রেজিস্ট্রেশনের তারিখ দেখানো হচ্ছে ২০২৪ সালের ১৭ অক্টোবর, যার মেয়াদ দেখানো হচ্ছে একবছর। সবশেষ আপডেট করা হয়েছে ২০২৪ সালের ১৭ অক্টোবর।
discountcareservices.com এর রেজিস্ট্রেশন তথ্যে যোগাযোগের তথ্য দেখানো হয়েছে যুক্তরাষ্ট্রের ফিনিক্স শহরের হাইল্যান্ড এভিনিউ। [1928 E. Highland Ave. Ste F104]
ওয়েবভিত্তিক বিজ্ঞাপন, ওয়েব ডিজাইনিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের সঙ্গে যুক্ত বেশ কয়েকটি কোম্পানি ওই ঠিকানা ব্যবহার করে।
এর আগে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মত সাইট বানিয়ে অর্থ উপদেষ্টা এবং অভিনেত্রী সাদিয়া আয়মান ছাড়াও সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খানকে জড়িয়ে ভুয়া প্রতিবেদন ছড়ানো হয়। প্রত্যেকবার একেক ফেইসবুক পেইজ থেকে সেগুলো শেয়ার করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের একজন মুখপাত্র বলেছেন, “আমাদের লোগো ব্যবহার বার বার এরকম জালিয়াতি করা হচ্ছে। এ বিষয়ে আমরা ব্যবস্থা নেব।”
এ বিষয়ে প্রধান উপদেষ্টার দপ্তরের প্রতিক্রিয়া জানার চেষ্টা করছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
পুরনো খবর
বিডিনিউজ টোয়েন্টিফোরের নামে ভুয়া সাইট বানিয়ে উপদেষ্টাকে জড়িয়ে ‘ফেইক নিউজ’
বিডিনিউজ টোয়েন্টিফোরের লোগো বসিয়ে ভুয়া সাইটে ফের 'ফেইক নিউজ'
বিডিনিউজ টোয়েন্টিফোরের নামে ভুয়া সাইট বানিয়ে এবার সাদিয়া আয়মানকে জড়িয়ে ‘ফেইক নিউজ’