১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বিডিনিউজ টোয়েন্টিফোরের লোগো বসিয়ে ভুয়া সাইটে ফের ‘ফেইক নিউজ’

একই ওয়েবসাইটে আগের দিন ভুয়া প্রতিবেদন প্রচার করা হয় অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদকে জড়িয়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোরের লোগো বসিয়ে ভুয়া সাইটে ফের ‘ফেইক নিউজ’
ভুয়া ফেইসবুক পোস্টেও ব্যবহার করা হয়েছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের লোগো।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2025, 08:24 PM

Updated : 26 Aug 2026, 11:52 AM

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের লোগো ব্যবহার করে নকল ওয়েবসাইট বানিয়ে আবারও ভুয়া প্রতিবেদন প্রচার করা হয়েছে, যা ছড়ানো হচ্ছে ফেইসবুকে। 

যে ওয়েবসাইটে প্রতিবেদনটি প্রকাশ পেয়েছে, সেই ‘ডেনেভার-রুফিং ডটকম’ (denver-roofing.com) আগের দিন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদকে জড়িয়েও ভুয়া প্রতিবেদন প্রচার করেছিল।

এবার ভুয়া পোস্ট শেয়ার করা হয়েছে ‘জেডব্লিউএফআরএইচ হিবার্ট’ (Jwfrh Hibbert) নামের একটি ফেইসবুক পেইজ থেকে। সেখানে শেয়ার করা লিংকে গেলে একটি ওয়েব পেইজে নিয়ে যায়, যেটি বানানো হয়েছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের লোগো ও নকশা ব্যবহার করে, কিন্তু ইউআরএলে (ইউনিফর্ম রিসোর্স লোকেটর) লেখা রয়েছে ‘ডেনেভার-রুফিং ডটকম’।

তবে আলাদা করে শুধু denver-roofing.com ওয়েবসাইটে ঢুকতে চাইলে কোনো পেইজ আসে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের লোগো ব্যবহার করে তৈরি ভুয়া ওয়েবপেইজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের লোগো ব্যবহার করে তৈরি ভুয়া ওয়েবপেইজ।

ওই ভুয়া পেইজে সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খানকে জড়িয়ে একটি প্রতিবেদন দেখা যায়, যার শিরোনাম ‘Central Bank of Bangladesh sues Muhammed Aziz Khan over statements he made on live television’।

এর আগে অর্থ উপদেষ্টাকে জড়িয়ে প্রচার করা ভুয়া প্রতিবেদনের শিরোনামও ছিল প্রায় একই রকম- ‘Central Bank of Bangladesh sues Salehuddin Ahmed over statements he made on live television’।

দুটি প্রতিবেদনের ওপরেই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ‘মাস্টহেড’ ব্যবহার করা হয়েছে, তবে অন্যান্য নকশার অসামঞ্জস্য স্পষ্ট। 

আবার দুটি প্রতিবেদন আলাদা ফেইসবুক পেইজ থেকে শেয়ার হলেও প্রোফাইল ফটো ও কাভার ফটো একই। 

প্রোফাইল ফটোর দুটি লাইনে তিনটি ইংরেজি শব্দ লেখা রয়েছে। ওপরের লাইনে তুলনামূলক বড় হরফে লেখা রয়েছে ‘ব্লু’(Blue)। নিচের লাইনে কিছুটা ছোট হরফে লেখা ‘লাইভ ইজি’ (Live Easy)।

দুটি ফেইসবুক পেইজের যোগাযোগের ফোন নম্বরও একটি, যেখানে ব্যবহার করা হয়েছে চীনের ‘কান্ট্রি কোড’।

আজিজ খানকে নিয়ে শেয়ার করা পোস্টের নিচে মানুষজন যেসব মন্তব্য করেছেন, তাতেও বোঝা যায় ওয়েবসাইট ও ফেইসবুক পেইজটি ভুয়া।

রাফাত ফয়সাল (Rafat Faisal) নামের একটি আইডি থেকে লেখা হয়েছে, ‘এটা ভুয়া খবর… এ থেকে দূরে থাকুন’।

তাশফিন আহমেদ চৌধুরী (Tashfin Ahmed Chowdhury) নামের একটি আইডি থেকেও একই ধরনের মন্তব্য করা হয়েছে। 

ডোমেইন সংক্রান্ত তথ্যের ওয়েবসাইট ‘হু ডট ইজ’ বলছে, denver-roofing.com ওয়েবসাইটের ডোমেইন নামটি ‘জিএমও ইন্টারনেট গ্রুপ’ নামের একটি কোম্পানির নামে রেজিস্ট্রেশন করা। বর্তমানে ওয়েবসাইটটিতে ‘ক্লায়েন্ট ট্রান্সফার’ বন্ধ রয়েছে।

ডোমেইনটি রেজিস্ট্রেশন করা হয়েছে ২০২৪ সালের ২৩ এপ্রিল। সবশেষ হালনাগাদ হয় গত বছরের ৩০ নভেম্বর। এর মেয়াদ রয়েছে আগামী ২৩ এপ্রিল পর্যন্ত।

ডোমেইনে তারা যে ফোন নম্বর ব্যবহার করেছে, তাতে জাপানের ‘কান্ট্রি কোড’ দেওয়া। ডোমেইনটির বর্তমান স্ট্যাটাস দেখায় ‘ইনঅ্যাক্টিভ’।

এই ফেইসবুক পেইজ থেকে শেয়ার করা হয়েছে ভুয়া প্রতিবেদনটি।

এই ফেইসবুক পেইজ থেকে শেয়ার করা হয়েছে ভুয়া প্রতিবেদনটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী বলেন, “কয়েক বছর আগেও bdsnews24.com নাম দিয়ে ক্লোন সাইট বানিয়ে উদ্দেশ্যপ্রণোদিত প্রচার চালানো হয়েছে। এমনভাবে জালিয়াতি করা হয়েছে যে খুব ভালো করে না দেখলে পাঠক bdnews24.com ভেবে ভুল করবে। 

“সে সময় আমাদের নিজস্ব অনুসন্ধানে জানতে পারি, দেশের একটি গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থার নির্দেশনা এবং প্রত্যক্ষ তত্ত্বাবধানে ওই ভুয়া সাইট বানানো হয়েছিল বিডিনিউজ টোয়েন্টিফোরের নাম ব্যবহার করে ফেইক নিউজ ছড়ানোর জন্য। এর উদ্দেশ্য ছিল আপাত বিশ্বাসযোগ্যভাবে আমাদের সুনাম ক্ষুণ্ন করা।” 

তৌফিক ইমরোজ খালিদী বলেন, “আমরা সে সময় বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং সরকারের বিভিন্ন দপ্তরে চিঠি লিখে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছিলাম, কিন্তু হতাশাজনকভাবে কেউ কোনো ব্যবস্থা নেয়নি। এবারও আমাদের সুনাম ক্ষুণ্ন করার জন্য এই নতুন জালিয়াতি শুরু হয়েছে বলে আমরা মনে করছি।” 

নিজের নামে ফেইক নিউজ দেখে অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদও শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে বিস্ময় প্রকাশ করেন। 

তিনি বলেন, “এটা দেখে প্রথমে আমি বিস্মিত হয়েছি যে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এরকম লিখতে পারে! পরে খোঁজ নিয়ে জানলাম এটা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নয়। ভুয়া, মিথ্যে, বানোয়াট ও কাল্পনিক তথ্য ছড়ানো হচ্ছে আমার নামে ভুয়া ডোমেইন ব্যবহার করে।

“সব দিক বিবেচনায় এরকম জঘন্য কাজ অপরাধ। আমি সংক্ষুব্ধ হয়েছি। অসৎ পন্থায় ইন্টারনেটের ব্যবহার কোনোভাবেই কাম্য নয়। সরকার ও অর্থ মন্ত্রণালয়ের মত রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে যে গোষ্ঠী ভুয়া তথ্য ছড়াচ্ছে, তারা বাংলাদেশের শত্রু। দেশ ও বিদেশে বাংলাদেশের মর্যাদা নষ্ট করতে এ গোষ্ঠীর অপতৎপরতা কখনোই সফল হবে না।"