Published : 08 Jun 2026, 03:49 PM
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী ২০ জুলাই।
সোমবার দুপুরে সচিবালয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "আমাদের এসএসসির রেজাল্ট ২০ জুলাই আউট করবে সেই নির্দেশনা আমরা দিয়েছি এবং পরের বছরে আমাদের এসএসসি পরীক্ষার রুটিন এবং আমরা সবকিছু এনাউন্স করেছি।"
এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় গত ২১ এপ্রিল। গত ২০ মে এসএসসির তত্ত্বীয় পরীক্ষা শেষ হয়েছে। দাখিল এবং এসএসসি ও ভোকেশনালের তত্ত্বীয় পরীক্ষা শেষ হয় ২৪ মে।
১৮ লাখ ৫৭ হাজার শিক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছিলেন। এরমধ্যে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায়, ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন দাখিল পরীক্ষায় এবং ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন পরীক্ষার্থী এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছিলেন।
দীর্ঘদিন ধরেই এসএসসি বা এইচএসসি ও সমমানের তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার ২ মাসের মধ্যে ফল প্রকাশের রেওয়াজ আছে।