Published : 15 Jul 2025, 08:19 PM
নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও তার স্ত্রী সালমা ওসমানের বিরুদ্ধে ‘জ্ঞাত আয়ের বাইরে’ সম্পদ অর্জনের অভিযোগে পৃথক দুটি মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
পাশাপাশি তাদের দুই সন্তানকে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন সাংবাদিকদের এসব তথ্য দেন।
দুদকের অভিযোগ অনুযায়ী, সংসদ সদস্য থাকাকালীন ক্ষমতার ‘অপব্যবহার’ করে শামীম ওসমান ৬ কোটি ৬৭ লাখ ৫৩ হাজার ৬৮৯ টাকার ’জ্ঞাত আয়ের বাইরে’ সম্পদ অর্জন করেন। এছাড়া তার নয়টি ব্যাংক হিসাবে ৪৩৯ কোটি ৮২ লাখ ৩৯ হাজার ৪৮০ টাকার অস্বাভাবিক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে, যা মানি লন্ডারিংয়ের আওতায় পড়ে।
এ অভিযোগে তার বিরুদ্ধে দুদক আইন, ২০০৪ এর ২৭(১) ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় একটি মামলা রুজুর অনুমোদন দেওয়া হয়েছে।
অপরদিকে তার স্ত্রী সালমা ওসমান ’স্বামীর সহায়তায়’ ৩ কোটি ৯ লাখ টাকার ’জ্ঞাত আয় বহির্ভূত’ সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ পায় দুদক। পরে অনুসন্ধানে নেমে তার আটটি ব্যাংক হিসাবে ২৪ কোটি ৬৬ লাখ টাকার অস্বাভাবিক লেনদেনও চিহ্নিত করার তথ্য পান দুদকের কর্মকর্তারা।
এসব অভিযোগে তার বিরুদ্ধে দুদক আইন, মানিলন্ডারিং প্রতিরোধ আইন এবং দণ্ডবিধি ১৮৬০ এর ১০৯ ধারায় আরেকটি মামলার অনুমোদন দেওয়া হয়েছে।
এছাড়া এ দম্পতির ছেলে ইমতিনান ওসমান ও মেয়ে লাবীবা জোহা অঙ্গনার বিরুদ্ধেও জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জনের প্রাথমিক প্রমাণ পাওয়ার কথা বলেছে দুদক।
তাদের বিরুদ্ধে দুদক আইন, ২০০৪ এর ২৬(১) ধারা অনুযায়ী সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির অনুমোদন দেওয়ার তথ্য দিয়েছেন সংস্থাটির কর্মকর্তারা।
এর আগে গত ২২ জুন শামীম ওসমানের নামে থাকা উত্তরা ও পূর্বাচলের দুটি প্লট জব্দের আদেশ দেয় আদালত।
পাশাপাশি সাবেক এই সাংসদ ও তার স্ত্রী সালমা ওসমান, ছেলে ইমতিনান ওসমান, মেয়ে লাবিবা জোহা অঙ্গনা, পুত্রবধূ ইরফানা আহমেদ রাশমীর নামে থাকা ২৯টি ব্যাংক হিসাব জব্দেরও আদেশ দেয় আদালত। এসব হিসাবে ১২ কোটি ৮৭ লাখ ৭৪ হাজার ৫২০ টাকা রয়েছে।
আরও পড়ুন:
শামীম ওসমানের প্লট জব্দ, পরিবারের ২৯ ব্যাংক হিসাব অবরুদ্ধ
ওসমান পরিবারের ১২৬ কোটি টাকা ফাঁকির অভিযোগ তদন্তের নির্দেশ
জুলাই আন্দোলনে পুড়ে মৃত্যু: আসামি ওবায়দুল কাদের-শামীম ওসমান